২০ জুন ঢাকায় বসছে অ্যান্ড্রয়ডের আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’

২০ জুন ঢাকায় বসছে অ্যান্ড্রয়ডের আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’
১৮ জুন, ২০২৫ ১৩:৪০  
১৮ জুন, ২০২৫ ১৪:৩২  

                                                             
২০ জুন ঢাকায় শুরু হচ্ছে দুইদিনের অ্যান্ড্রয়েড বিষয়ক সবচেয়ে বড় সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’। ৮ বছর পর আবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ডেভেলপারদের এ সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে।

সম্মেলনে দেশ-বিদেশ থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী এবং ১৯ জন আন্তর্জাতিক বক্তা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। থাকবে ২০টিরও বেশি কারিগরি সেশন। সবমিলিয়ে নানা ধরনের আয়োজন থাকছে দেশের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ডেভেলপারদের মিলনমেলায়।

আগামী শুক্রবার ২০ জুন প্রথম দিনে উদ্বোধনের পরেই থাকবে ১০টি সেশন। এতে থাকবে কী-নোট বক্তৃতা, লাইটনিং টক এবং প্রযুক্তিভিত্তিক নানান বিষয়ে আলোচনা। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কটলিন, ফ্লাটার, ক্লিন আর্কিটেকচার, ইউজার ইন্টারফেস ডিজাইন এবং ডেভেলপারদের বাস্তব অভিজ্ঞতার গল্প। অংশগ্রহণকারীরা জানতে পারবেন কিভাবে আরও ভালো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায় এবং স্টার্টআপ ও প্রযুক্তি পেশাদারদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন।

২১ জুন (শনিবার) দ্বিতীয় দিনে থাকবে আরও ৯টি সেশন। এতে থাকছে অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ও ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব নিয়ে আলোচনা। সম্মেলনের শেষ দিনে থাকবে বিশেষ অতিথিদের নিয়ে প্যানেল আলোচনা, কুইজ, র‍্যাফেল ড্র  আয়োজন। দুইদিনের সম্মেলনের প্রতিটি দিন শুরু হবে কী-নোট দিয়ে এবং শেষ হবে নেটওয়ার্কিং ও কমিউনিটির আড্ডায়।

সম্মেলনে আলোচনা হবে এমন বিষয়ের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ও কটলিন ডেভেলপমেন্ট, ফ্লাটার ও কটলিন মাল্টিপ্ল্যাটফর্মের মতো ক্রস-প্ল্যাটফর্ম সমাধান, ইউজার এক্সপেরিয়েন্স ও অ্যাক্সেসিবিলিটি, ক্লিন কোডিং প্র্যাকটিস, সফটওয়্যার আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং লিডারশিপ। এআই এবং আধুনিক টুলস কীভাবে অ্যাপ ডিবাগ, টেস্ট এবং উন্নত করতে সাহায্য করে ইত্যাদি।

প্রসঙ্গত ২০১৭ সালে ঢাকায় সর্বশেষ ড্রয়েডকন আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল ৩০০ জনের বেশি ডেভেলপার। এবার ২০২৫ সালে আরও বড় আকারে এই আয়োজন বাংলাদেশকে আবারও ড্রয়েডকন-এর বৈশ্বিক মানচিত্রে তুলে ধরতে যাচ্ছে। বিশ্বের বার্লিন, সান ফ্রান্সিসকো, লন্ডন এবং নাইরোবির মতো শহরে ড্রয়েডকন অনুষ্ঠিত হয়, আর এবার এই তালিকায় আবারও যুক্ত হচ্ছে ঢাকা।
এবারের আয়োজনে বক্তারা আসছেন জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো প্রতিষ্ঠিত প্রখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে।  
এবারের সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ব্রেইন স্টেশন ২৩ এবং চেক। কমিউনিটি পার্টনার হিসেবে থাকছে বিডিঅ্যাপস, জেটব্রেইনস ও অ্যাজাইল বাংলাদেশ। সম্মেলনের ভেন্যু সহযোগী হিসেবে থাকছে আইইউবি আইইইই বাংলাদেশ শাখা এবং আইইউবির কম্পিউটার ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সহ-আয়োজক হিসেবে থাকছে টেকবাইট সলিউশনস। আয়োজক হিসেবে থাকছে Sunnat629 Dev।
ড্রয়েডকন বাংলাদেশের আয়োজক অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের সিনিয়র অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, “এটি শুধু একটি সম্মেলন নয়। এটি বাংলাদেশের অ্যান্ড্রয়েড ভবিষ্যৎ গড়ার একটি পদক্ষেপ। আমরা চাই মানুষ শিখুক, বাড়ুক এবং একে অপরের সঙ্গে যুক্ত হোক। আমি চাই ‘ড্রয়েডকন বাংলাদেশ’ হোক এমন একটি জায়গা, যেখান থেকে ক্যারিয়ার শুরু হয় এবং কমিউনিটি শক্তিশালী হয়।”
এই আয়োজনে ডেভেলপার, শিক্ষার্থী, টেক কোম্পানি, হায়ারিং ম্যানেজার ও প্রযুক্তিতে আগ্রহী সবাই অংশ নিতে পারবেন। এটি হতে পারে একটি শেখার, সংযুক্ত হওয়ার ও অনুপ্রেরণা পাওয়ার সুযোগ।