আরবান হ্যাকাথনে দ্বিতীয়
আর্কসামিটে রুয়েটের দুই দলের সাফল্য
- আরবান হ্যাকাথনে দ্বিতীয় স্থান অর্জন করেছে রুয়েটের তিন শিক্ষার্থীর দল
- স্থাপত্যবিষয়ক কুইজে তৃতীয় হয়েছে বিশ্ববিদ্যালয়টির আরেকটি দল
- ইম্প্রমটু পলিটিকো সেগমেন্টে বক্তব্য দিয়েছেন সোহান ফেরদৌস
রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি পৃথক প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা। নগরায়নের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে আরবান হ্যাকাথনে দ্বিতীয় হয়েছে রুয়েটের একটি দল। এ ছাড়া স্থাপত্য, নকশা ও নির্মিত পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির আরেকটি দল।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত চার দিনব্যাপী বাংলাদেশ আর্কসামিট ২০২৬ গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আরবান হ্যাকাথনে দ্বিতীয় স্থান অর্জনকারী রুয়েট দলের সদস্যরা হলেন দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান ও রাহিদ বিন জাফর সামি। নগরায়নের বিভিন্ন জটিল সমস্যার উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপনের মাধ্যমে তাঁরা এ সাফল্য অর্জন করেন।
অন্যদিকে, স্থাপত্য, নকশা এবং নির্মিত পরিবেশ বিষয়ে জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রুয়েটের আরেকটি দল। দলের সদস্যরা হলেন তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম ও রামিশা মহসিন।
একই সিরিজের শিক্ষার্থী সোহান ফেরদৌস ‘ইম্প্রমটু পলিটিকো’ সেগমেন্টে উপস্থিত বক্তব্যের মাধ্যমে প্রশংসনীয় পারফরম্যান্স করেন।
বাংলাদেশ আর্কসামিট ২০২৬-এ রুয়েট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ।
//ডিবিটেক/আরপিবি/এসএমই/এমএসআই//





