সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির সংযোজন

ক্যাননের চারটি নতুন ইমেজিং ক্যামেরা উন্মোচন

  • ক্যানন সি৫০, এক্সএ৬৫, এক্সএফ৬০৫ ও পিটিজেড ক্যামেরা উন্মোচিত হয়েছে
  • স্টুডিও প্রোডাকশন ও সিনেমাটোগ্রাফির আধুনিক ওয়ার্কফ্লো তুলে ধরা হয়
  • অনুষ্ঠানে টেরিস ট্রাইপড এবং অ্যাপারচারের লাইটিং প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে

ক্যাননের চারটি নতুন ইমেজিং ক্যামেরা উন্মোচন
১৪ অক্টোবর, ২০২৬ ০৮:২৯  

বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ইমেজারি ইন মোশন’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR N100 মডেলের ডিভাইসগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল এস এম আবদুর রহমান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্যানন হেড অব বিজনেস নূর মো: শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন ও টেরিসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার এবং সংশ্লিষ্ট ভিজ্যুয়াল মিডিয়া শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ এবং ভিডিও প্রোডাকশনের নানা সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, সিনেমাটোগ্রাফি এবং পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে আধুনিক ক্যামেরা প্রযুক্তির হাই-টেক ওয়ার্কফ্লো নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞরা। উন্মোচিত চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়। একইসঙ্গে প্যান-টিল্ট-জুম (PTZ) ক্যামেরার রিমোট অপটিক্যাল কন্ট্রোল ও ব্যবহারবিধি নিয়ে পৃথক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

পণ্য প্রদর্শনী অংশে ক্যানন ক্যামেরার পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড ‘টেরিস’-এর ট্রাইপড এবং আন্তর্জাতিক আলোকসজ্জা ব্র্যান্ড ‘অ্যাপারচার’ (Aputure)-এর আধুনিক লাইটিং গিয়ার প্রদর্শন করা হয়। স্টুডিও, ফিল্ম, বিজ্ঞাপনচিত্র ও ডকুমেন্টারি প্রডিউসারদের জন্য এসব যন্ত্রপাতির লাইভ হ্যান্ডস-অন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য জানার সুযোগ রাখা হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা জানান, ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের প্রযুক্তি খাতে হার্ডওয়্যার, এন্টারপ্রাইজ সলিউশন ও প্রস্তুতকারক হিসেবে কাজ করছে। ‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ব্রডকাস্ট ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের ইমেজিং ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করে। 

//ডিবিটেক/এমআরএম/এসএমপি/ওইএম//