বিসিএস ও আই-স্টেশনের যৌথ আয়োজনে ১০ দেশের ১৫০ ব্র্যান্ডের প্রযুক্তি ও সেফটি সমাধান প্রদর্শন
আইসিসিবিতে ১৭ সেপ্টেম্বর থেকে সিকিউরিটি ও ফায়ার এক্সপো ২০২৬
- একইসঙ্গে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ও অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো
- প্রদর্শনীতে অংশ নেবে ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষ ব্র্যান্ড এবং ৫ হাজার ট্রেড ভিজিটরের সমাগম প্রত্যাশা
- সার্ভেইল্যান্স, সাইবার সিকিউরিটি, বায়োমেট্রিক, ফায়ার প্রটেকশন, পিপিই ও কমপ্লায়েন্স প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি থাকছে দুটি বিশেষায়িত সেমিনার
ঢাকা: জাতীয় নিরাপত্তা, সাইবার সুরক্ষা, কর্মক্ষেত্রের স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং আধুনিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা জোরদারের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬’ এবং ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ জোড়া আন্তর্জাতিক প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড। ১০ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আয়োজক সূত্র জানায়, প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তি ও সমাধান নিয়ে অংশ নেবে। তিন দিনে প্রায় ৫ হাজার করপোরেট ও ট্রেড ভিজিটর, প্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
বিসিএস-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর আগামীর জন্য শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা এখন অপরিহার্য। প্রযুক্তির দ্রুত প্রসারের সাথে সাথে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার ও শারীরিক নিরাপত্তাঝুঁকি বাড়ছে। দেশি-বিদেশি সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে দেশীয় শিল্পের পরিচয় করিয়ে দিতে এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে।"
আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা জানান, সিকিউরিটি এক্সপোতে এআই-চালিত নজরদারি ও সার্ভেইল্যান্স সিস্টেম, সাইবার সিকিউরিটি, অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক প্রযুক্তি, সিকিউরিটি সফটওয়্যার, নেটওয়ার্কিং সুইচ এবং ডিজিটাল ভল্টসহ আধুনিক নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শিত হবে। অন্যদিকে ফায়ার ও সেফটি এক্সপোতে স্থান পাবে আন্তর্জাতিক মানসম্পন্ন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ইন্ডাস্ট্রিয়াল সেফটি, আধুনিক ফায়ার ডিটেকশন ও অটোমেটেড নির্বাপণ ব্যবস্থা।
পণ্য প্রদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে নিরাপত্তা, কমপ্লায়েন্স ও ভবিষ্যৎ শিল্পঝুঁকি মোকাবিলা নিয়ে দুটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনী দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, তবে প্রবেশের জন্য আগ্রহীদের অনলাইনে বিনামূল্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
//ডিবিটেক/ইউজি/এমএসএস/এফওইটি//





