আসছে ডিজিটাল সঞ্চয়সহ গ্রাহককেন্দ্রিক নতুন ফিনটেক সেবা

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে উপায় ও ওপাস টেকনোলজির চুক্তি

  • ডিজিটাল সেভিংস ও প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট চালু করবে ইউসিবির ‘উপায়’
  • আনুষ্ঠানিক আর্থিক কাঠামোয় প্রান্তিক জনগোষ্ঠীকে যুক্ত করতে কৌশলগত অংশীদারত্ব
  • চুক্তিতে স্বাক্ষর করলেন উপায়ের এমডি শ্যামল বি. দাস ও ওপাসের এমডি জাফর ইকবাল

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে উপায় ও ওপাস টেকনোলজির চুক্তি
১৪ অক্টোবর, ২০২৬ ১৫:৪২  

ডিজিটাল আর্থিক সেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য, আধুনিক ও দৈনন্দিন জীবনের সাথে কার্যকরভাবে সংযুক্ত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড ‘উপায়’ (upay)। ১৪ অক্টোবর, বুধবার আনুষ্ঠানিকভাবে এ ব্যবসায়িক অংশীদারত্ব চূড়ান্ত হয়।

চুক্তিতে উপায়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. জাফর ইকবাল।

এ কৌশলগত অংশীদারত্বের আওতায় ‘উপায়’ প্ল্যাটফর্মে ডিজিটাল সঞ্চয়সহ (ডিজিটাল সেভিংস) নতুন নতুন উদ্ভাবনী আর্থিক পণ্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কেবল নিয়মিত ক্যাশ-ইন বা সেন্ড মানি লেনদেন নয়; বরং গ্রাহকদের দীর্ঘমেয়াদী ক্ষুদ্র সঞ্চয়, কার্যকর আর্থিক পরিকল্পনা ও দৈনন্দিন কেনাকাটার প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ ফিনটেক ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তির মেলবন্ধনে একটি সহজবোধ্য ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতায় আনা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। অপরদিকে ওপাস টেকনোলজির পক্ষে অংশ নেন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. রাশেদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।

উপায়ের নীতিনির্ধারকরা জানান, এই অংশীদারত্ব ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি স্মার্ট ফিনটেক সমাধান উপহার দিতে সহায়ক হবে, যা সামগ্রিকভাবে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/কেআইবিএফপি/এসএমপি/ওইএম//