২৫ মিনিটে বেহাত হলো ৩৮ মিলিয়ন ডলারের বিটকয়েন
গত শুক্রবার মাত্র ২৫ মিনিটের একটি সাইবার হামলায় ৫০০টি আলাদা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে ৫৮৪টি বিটকয়েন চুরি হয়ে গেছে। এসব মুদ্রার বাজারমূল্য প্রায় ৩৮ মিলিয়ন ডলার বা ৩৬৩ কোটি টাকা।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, এই চুরির মাত্রা আরও ভয়াবহ; মাত্র ৪১ মিনিটে ১ হাজার ১৯৬টি অ্যাকাউন্ট থেকে প্রায় ৭০ দশমিক ২ মিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন চুরি হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান কয়েনকাইটের তৈরি হার্ডওয়্যার ওয়ালেট ‘কোল্ডকার্ড’-এর একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটিকে দায়ী করা হচ্ছে। চুরি হওয়া সব কটি ওয়ালেটে অন্তত শূন্য দশমিক ১৫ বিটকয়েন গচ্ছিত ছিল এবং এগুলো সবই ছিল সিঙ্গেল-সিগনেচার ওয়ালেট।
কীভাবে ঘটল এই বিপত্তি
যেকোনো ডিজিটাল ওয়ালেটের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘সিড ফ্রেজ’ বা গোপন শব্দগুচ্ছ ব্যবহৃত হয়। এই শব্দগুচ্ছ এমনভাবে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়ার কথা, যেন তা কেউ কোনোভাবেই অনুমান করতে না পারে। কিন্তু ব্লক-এর বিটকয়েন প্রকৌশল ও নিরাপত্তা দলের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, কোল্ডকার্ডের ফার্মওয়্যার তাদের নিজস্ব হার্ডওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় নম্বর তৈরির প্রক্রিয়াটি এড়িয়ে গিয়ে একটি দুর্বল সফটওয়্যার অ্যালগরিদমের ওপর নির্ভর করছিল। মূলত কোল্ডকার্ডের সিস্টেমে মাইক্রোপাইথনের ইয়াসমারাং নামের একটি দুর্বল প্রক্রিয়ায় এই গোপন নম্বরগুলো তৈরি হচ্ছিল, যা হ্যাকাররা অফলাইনেই সহজেই শনাক্ত করতে সক্ষম হয়। এর ফলে হ্যাকাররা সহজেই মূল পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়।
ঝুঁকিতে আছেন কারা
কোল্ডকার্ড মূলত এমন একটি ডিভাইস, যা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রেখে অফলাইনে বিটকয়েন সংরক্ষণের সুবিধা দেয়। স্মার্টফোনের মতো কয়েক বছর পরপর বাজারে আসা এর বিভিন্ন মডেল যেমন- এমকে২, এমকে৩, এমকে৪, কিউ এবং এমকে৫-এর ব্যবহারকারীরা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কয়েনকাইট জানিয়েছে, তাদের নতুন মডেলগুলো এই ত্রুটিমুক্ত। তবে পুরোনো মডেলগুলোর ফার্মওয়্যার আপডেট করা হলেও আগে তৈরি করা পুরোনো পাসওয়ার্ডের ঝুঁকি থেকেই যায়। তাই ব্যবহারকারীদের হালনাগাদ ফার্মওয়্যারে সম্পূর্ণ নতুন করে ওয়ালেট খোলার পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি বছরের প্রথমার্ধে ক্রিপ্টো খাতে প্রায় এক শ কোটি ডলার বা ৯ হাজার ৫৪৭ কোটি টাকা চুরি হয়েছে, যা এই খাতের ডিজিটাল নিরাপত্তার চরম দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





