বিসিএস কম্পিউটার সিটিতে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫

বিসিএস কম্পিউটার সিটিতে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
৭ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৮  
৮ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৯  

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির উদ্যোগে এবার ‘প্রযুক্তির শক্তি, তারুণ্যে অগ্রগতি’স্লোগানে শুরু হচ্ছে ছয় দিনের প্রযুক্তিপণ্যের মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’। প্রতিবছরের মতো এবারও মেলায় বিভিন্ন পণ্য কিনে ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও নিশ্চিত উপহার। টেক সেলিব্রেটি আড্ডাসহ দর্শনার্থীদের জন্য প্রতিদিন আয়োজন করা হবে কনসার্ট ও র‍্যাফল ড্র। রবিবারের সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবস থেকে শুরু হয়ে মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

৮ ডিসেম্বর, সোমবার  ১১টায় বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় মেলার বর্ণাঢ্য উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

সাপ্তাহিক ছুটির দিন, ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় শিশুদের নিয়ে অনুষ্ঠিত হবে গিগাবাইট শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলায় অংশ নিচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড আসুস, এইচপি, লেনোভো, এমএসআই, এপসন, এলডিনিও, টিপি-লিংক ইত্যাদি। পাশাপাশি সহযোগী ব্র্যান্ড হিসেবে রয়েছে ওয়ালটন, ডেল, ডিপকুল, এসার, বিট্র্যাক, টিঅ্যান্ডভিসহ আরও অনেক ব্র্যান্ড।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান জানান, এবারের মেলাজুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাহার। ক্রেতা-দর্শনার্থীদের জন্য কেনাকাটায় ছাড়ের পাশাপাশি থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য রয়েছে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

‘সিটি আইটি মেগা ফেয়ার’ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষে মার্কেটজুড়ে থাকবে বিশেষ অফার ও মূল্যছাড়। এবারের মেলায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন এবং অনেকগুলো পার্টিসিপেন্ট স্টল থাকবে। 

আইডিবি কম্পিউটার মার্কেট হিসেবে পরিচিত এই মেলা প্রাঙ্গনে রয়েছে ১৫৪টি শপ। যেখানে ১০ হাজার ব্র্যান্ডের ৫০ হাজারের মতো আইটি পণ্য পাবেন ক্রেতারা। 

ডিবিটেক/পিএ/ইকে