তরুণ দর্শকের জন্য স্বল্পদৈর্ঘ্য সংবাদ

টিকটকে ডিডাব্লিউ বাংলার নতুন যাত্রা

  • বাংলাদেশি দর্শকদের জন্য ডিডাব্লিউ বাংলার নিবেদিত টিকটক চ্যানেল চালু
  • দেশ, অঞ্চল ও বিশ্বের খবর থাকবে সংক্ষিপ্ত ভিডিওতে
  • নির্ভুলতা, ভারসাম্য ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দেবে ডিডাব্লিউ

টিকটকে ডিডাব্লিউ বাংলার নতুন যাত্রা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৬  

তরুণ দর্শকের সংবাদ গ্রহণের ধরন দ্রুত বদলে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশি দর্শকদের জন্য টিকটকে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে বা ডিডাব্লিউ বাংলা। নতুন চ্যানেলে সামাজিক যোগাযোগমাধ্যম উপযোগী স্বল্পদৈর্ঘ্য, সহজবোধ্য ও তথ্য-যাচাইকৃত ভিডিওতে দেশ, অঞ্চল ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবে প্রতিষ্ঠানটি।

৩০ সেপ্টেম্বর, বুধবার রাজধানীর দ্য ডেইলি স্টারের তৌফিক আজিম সেমিনার হলে বিকেল ৪টায় বাংলাদেশি দর্শকদের জন্য ডিডাব্লিউ বাংলার টিকটক চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ডিডাব্লিউ জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মে তরুণ দর্শক ও নারীদের কাছে পৌঁছানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডাব্লিউ বাংলার প্রধান সঞ্জীব বর্মন, ডিডাব্লিউ বাংলার ডেপুটি চিফ অমৃতা পারভেজ, এশিয়া অঞ্চলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ন পাইকার্ট, মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক যুবায়ের আহমেদসহ ডিডাব্লিউ বাংলার একাধিক সংবাদকর্মী।

ডিডাব্লিউ বাংলার প্রধান সঞ্জীব বর্মন বলেন, ‘দর্শকদের সংবাদ গ্রহণের ধরন দ্রুত বদলাচ্ছে। বাংলাদেশে টিকটকও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই পরিবর্তনকে বিবেচনায় নিয়েই বাংলাদেশি দর্শকদের জন্য আমাদের টিকটক যাত্রা শুরু হলো। এরই মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছু কনটেন্ট তৈরি করেছি এবং দর্শকদের প্রতিক্রিয়াও দেখেছি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হলো।’

ডিডাব্লিউ বাংলার সাংবাদিকতায় তথ্যের নির্ভুলতা, ভারসাম্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান সঞ্জীব বর্মন।

ডিডাব্লিউ বাংলার ডেপুটি চিফ অমৃতা পারভেজ বলেন, ‘নতুন প্ল্যাটফর্মে আমাদের অন্যতম লক্ষ্য তরুণ দর্শকদের কাছে সংবাদকে আরও সহজভাবে পৌঁছে দেওয়া। টিকটকের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ফরম্যাটকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বা বিষয়ের মূল তথ্য দ্রুত তুলে ধরার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও থাকবে এই চ্যানেলের কনটেন্টে।’

ডিডাব্লিউ জানিয়েছে, নতুন চ্যানেলে বিদ্যমান কিছু কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী করে প্রকাশের পাশাপাশি তরুণ দর্শক ও নারীদের জীবন, আগ্রহ ও প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে বিশেষ কনটেন্ট ও ফরম্যাট তৈরি করা হবে।

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে বর্তমানে ৩২টি ভাষায় বিশ্বজুড়ে সংবাদ ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করে। টেলিভিশন, অনলাইন ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে জার্মানি, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন বিষয়ে সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরে প্রতিষ্ঠানটি। ডিডাব্লিউর বাংলা ভাষার কার্যক্রমও দীর্ঘদিনের।
//ডিবিটেক/এসএনপি/এমএসআই/ডিপিও//