প্লেগ্রাউন্ড: প্রম্পট লিখলেই তৈরি হবে গেম
গেম তৈরির ক্ষেত্রে কোডিং বা ছবি আঁকার মতো জটিল দক্ষতার বাধ্যবাধকতা তুলে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নতুন এক পরীক্ষামূলক প্ল্যাটফর্ম উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
'প্লেগ্রাউন্ড' নামের এই প্ল্যাটফর্মের সাহায্যে সাধারণ ব্যবহারকারীরা কেবল লিখিত নির্দেশ বা প্রম্পট দিয়ে নিজেদের পছন্দমতো গেম তৈরি করতে পারবেন। সাধারণ এআই চ্যাটবটের মতোই সহজ একটি মাধ্যমের সাহায্যে টুডি বা থ্রিডি ঘরানার এক বা একাধিক খেলোয়াড়ের উপযোগী গেম তৈরি করা যাবে এতে।
প্রম্পট লিখলেই তৈরি হবে গেম
গুগল প্লেগ্রাউন্ডে একদম নতুন প্রম্পট লিখে কিংবা আগে থেকে তৈরি কিছু নমুনা ব্যবহার করে গেম নকশা শুরু করা যায়। প্রাথমিক খসড়া তৈরির পর ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী গেমের নিয়মকানুন, গতিবিদ্যা ও গ্রাফিক্স পরিবর্তন করতে পারবেন।
যেমন একটি প্ল্যাটফর্ম গেমের ক্ষেত্রে খেলোয়াড় যেন স্বাভাবিকের চেয়ে উঁচুতে লাফ দিতে পারে, সে জন্য প্রম্পট লিখে 'ডাবল-জাম্প' সুবিধা যুক্ত করার নির্দেশ দেওয়া সম্ভব। এভাবে কয়েক ধাপে নির্দেশনার মাধ্যমে ধীরে ধীরে গেমটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়।
শেয়ারিং সুবিধা ও উন্নত প্রযুক্তি
তৈরি করা গেমটি ব্যবহারকারী চাইলে সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে পারেন, আবার বন্ধুদের সাথে সরাসরি লিংক শেয়ারও করতে পারেন। এ ছাড়া অন্য গেমারদের জন্য 'প্লেগ্রাউন্ড এক্সপ্লোর' নামক গ্যালারিতে এটি প্রকাশ করার সুযোগ রয়েছে, যেখানে গেমারদের অর্জিত পয়েন্টের তালিকা বা লিডারবোর্ড যুক্ত থাকবে।
গেমের গুণগত মান ও পেশাদারিত্ব বাড়াতে খুব শিগগিরই এতে 'ইউনিটি স্পার্ক' প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে গুগলের। এর ফলে উচ্চমানের থ্রিডি ও উন্নত গতিময় গেম তৈরি করা সহজ হবে।
ব্যবহারের নিয়ম ও প্রাপ্যতা
বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য প্লেগ্রাউন্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এটি চালু করা হয়েছে। গুগল ওয়ান সাবস্ক্রিপশনের ধাপ অনুযায়ী ব্যবহারকারীরা এই সেবায় প্রবেশের বিশেষ সুবিধা পাবেন।
ভবিষ্যতে এআই চালিত এই গেম নির্মাণ প্ল্যাটফর্মে আরও নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে গুগলের।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





