আইটিইএস ও বিপিও খাতে নতুন সম্ভাবনা
বাংলাদেশ-শ্রীলঙ্কা আইটি সহযোগিতা জোরদারের উদ্যোগ
- আইটি, আইটিইএস ও বিপিও খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর আলোচনা
- শ্রীলঙ্কা এক্সপো ২০২৭ ঘিরে ব্যবসায়িক যোগাযোগের সম্ভাবনা
- দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও বাজার সম্প্রসারণে গুরুত্ব দুই পক্ষের
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও ব্যবসায়িক প্রক্রিয়া ব্যবস্থাপনা বা বিপিও খাতের আন্তর্জাতিক সম্প্রসারণে শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোডির সঙ্গে বৈঠক করেছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-শ্রীলঙ্কার তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও বিপিও খাতে ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশনের দ্বিতীয় সচিব গায়াঙ্গা দিয়াসও উপস্থিত ছিলেন।
বাক্কোর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহিম, মহাসচিব ফয়সাল আলিম, পরিচালক আবদুল কাদের, পরিচালক সায়মা শওকত এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সালিম সরকার।
বৈঠকে দুই দেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে পারস্পরিক ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, বিনিয়োগ এবং দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়।
এ ছাড়া শ্রীলঙ্কা এক্সপো ২০২৭-কে কেন্দ্র করে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য অংশগ্রহণ ও সম্পৃক্ততার বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ব্যবসা-টু-ব্যবসা বা বি-টু-বি বৈঠক, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং দুই দেশের সংশ্লিষ্ট সরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে।
বৈঠকে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বাজারে প্রবেশের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পায়। পারস্পরিক স্বার্থের ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
বাক্কো জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগকে আরও এগিয়ে নিয়ে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং বিপিও শিল্পের প্রবৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক সংযোগ বাড়াতে নতুন সহযোগিতার সুযোগ খুঁজে দেখতে তারা আগ্রহী।
//এফপিএল/এএইচসি/এসএমআইকে//





