আগামী নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রারম্ভিক পরীক্ষা সফল

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে
  • আগামী নভেম্বরে এই মেগা প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে
  • স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রারম্ভিক পরীক্ষা সফল
১৪ অক্টোবর, ২০২৬ ২২:০১  

ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর, বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি, টেকনিক্যাল টেস্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, কমিটির সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক, মোঃ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং মোঃ আব্দুল গফুর। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সভাপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এরপর পরিচয় পর্ব ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ও সভা সূত্রে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন 'রোসাটম'-এর সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আশা প্রকাশ করা হয় যে, আগামী নভেম্বর মাসের মধ্যে এ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির নিরাপত্তা ও কারিগরি দিক তুলে ধরে বৈঠকে জানানো হয়, এটি থার্ড জেনারেশন প্লাস-এর একটি সর্বাধুনিক ও নিরাপদ পারমাণবিক প্ল্যান্ট। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে এর প্রতিটি প্রযুক্তিগত ধাপ বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক এনার্জি বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী প্রকল্পটি সঠিক ট্র্যাকে রয়েছে।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্যখাতে নিউক্লিয়ার মেডিসিনের সুফল জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কার্যক্রম এবং দেশের প্রথম স্মার্ট রিসার্চ ভেসেল (গবেষণা জাহাজ) নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানা যায়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজন এবং স্থানীয় প্রযুক্ত উদ্ভাবন বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

//ডিবিটেক/এএএমএসএমপি/এমভিএনও/এমআইএসটি//