অংশ নিচ্ছে বিসিএসের ১৪ সদস্যের প্রতিনিধিদল
জাকার্তায় শুরু হলো অ্যাসোসিও ডিজিটাল-এআই সামিট
- জাকার্তায় শুরু তিন দিনব্যাপী অ্যাসোসিও আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন
- নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল রূপান্তরে গুরুত্ব
- বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল
নিরাপদ ডিজিটাল অর্থনীতি নির্মাণ, ক্লাউড সার্বভৌমত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তার টেকসই ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম তথ্যপ্রযুক্তি ফোরামের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শুরু হলো ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে তিন দিনব্যাপী এই বিশ্ব প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৫ অক্টোবর, সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলনের স্বাগতিক দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস)। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’। আন্তর্জাতিক এই বিশ্ব সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
প্রতিনিধিদলে রয়েছেন বিসিএস সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএস প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ এইচ কাফিসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম দিন সোমবার আন্তর্জাতিক প্রতিনিধিদের অভ্যর্থনা, অ্যাসোসিও বোর্ড মিটিং, জেনারেল অ্যাসেম্বলি ও স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সদস্য অর্থনীতির নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। অ্যাসোসিও বোর্ড মিটিংয়ে বাংলাদেশ থেকে অংশ নেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৬ অক্টোবর, মঙ্গলবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হবে। এতে ‘বোর্ডরুম ডিজিটাল স্ট্র্যাটেজি: হোয়্যার সিইওস অ্যান্ড সিআইওস শুড প্লেস দেয়ার বেটস’, ‘ডিজিটাল ফাইন্যান্স, আইডেন্টিটি অ্যান্ড ক্রস-বর্ডার ট্রাস্ট’ এবং ‘ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্লাউড সার্বভৌমত্ব’ শীর্ষক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন থেকে ট্রাস্টেড এআই’ শীর্ষক বিশেষ অধিবেশন। মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস ২০২৬’ ও ‘অ্যাসোসিও ডিজিটাল এআই অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করা হবে।
সম্মেলনের শেষ দিন ৭ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হবে ‘অ্যাসোসিও এআই সামিট’। এতে এআই গবেষণা, দায়িত্বশীল এআই চর্চা, ‘ফ্রম ফাউন্ডেশন মডেলস টু এআই নেশনস’ এবং ‘ফ্রম এআই এক্সপেরিমেন্টস টু এআই ফ্যাক্টরিজ’ শীর্ষক অধিবেশনে আঞ্চলিক ডাটা গভর্ন্যান্স ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। ২৪টি অর্থনীতির উদ্ভাবক ও প্রযুক্তিবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলন এশিয়া-ওশেনিয়া অঞ্চলের আন্তঃসীমান্ত প্রযুক্তি সংযোগ ও বাণিজ্যিক উন্নয়নে মাইলফলক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এইউজি/এসএমই/এমআইএসটি//





