নাটোরে তরুণ ও তার বাবা হেফাজতে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

  • নাটোরের কাফুরিয়াপট্টি এলাকা থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ
  • ল্যাপটপটি কুড়িয়ে পাওয়ার কথা জানিয়েছেন অন্তর কুমার সাহা
  • পর্যটকের ক্যামেরাসহ অন্য মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার
১১ অক্টোবর, ২০২৬ ২২:৪৭  

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও পুলিশের একাধিক দলের অভিযানের পর ১১ অক্টোবর, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা (২০) ও তার বাবা অমল কুমার সাহাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ অক্টোবর ল্যাপটপ হারানোর পর থেকেই পুলিশের কয়েকটি দল সেটি উদ্ধারে কাজ করছিল। রবিবার রাতে অন্তর কুমার সাহার কাছে ল্যাপটপটি পাওয়া যায়। ল্যাপটপটি উদ্ধার হওয়ায় তারা খুশি। ক্রিলের সঙ্গেও তাদের কথা হয়েছে এবং তিনিও খুশি হয়েছেন। পর্যটকের চুরি যাওয়া ক্যামেরাসহ অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশনের কাছে একটি আসনের নিচে ল্যাপটপটি কুড়িয়ে পান। পরে তিনি সেটি নিয়ে নওগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে যান এবং ছেলে অন্তরকে বিষয়টি জানান। ল্যাপটপটি রেখে পরে বিষয়টি দেখার কথা বাবাকে জানান অন্তর। 

রোববার তারা নাটোরে ফিরলে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে ল্যাপটপটি উদ্ধার করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি পর্যটকের ল্যাপটপ হারানোর পর পুলিশের সব কটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও নাটোর পুলিশের একটি দল ল্যাপটপ উদ্ধারে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

ওসি আরও জানান, রোববার সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা পুলিশকে জানান, তার বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ অন্তরকে সদর থানায় নেওয়া হয়।

মনসুর রহমান জানান, যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, উদ্ধার করা ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের। মুঠোফোনে জার্মান পর্যটকের সঙ্গে কথা বলে তাকে ল্যাপটপ উদ্ধারের খবর জানানো হয়েছে। খবর শুনে তিনি আনন্দিত হয়েছেন।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। এ সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর খুঁজে পাননি।

পরে ক্রিল জানতে পারেন, যার কাছে তিনি ব্যাগটি রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধানে বৃহস্পতিবার দুপুরে তিনি রাজশাহী রেলওয়ে থানায় যান।

এদিকে, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সহায়তা ও সঠিক তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্ত করার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে তাঁর ছবি-সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।

//ডিবিটেক/ডিপিও/এসএমপি/এভিএনও//