এশিয়ায় ভ্যালিডর্যাট স্পাইওয়্যার ক্যাম্পেইন নিয়ে ক্যাস্পারস্কির সতর্কবার্তা
ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
- কিউএন ওয়ালপেপার অ্যাডওয়্যারের আড়ালে এশিয়াজুড়ে ভ্যালিডর্যাট স্পাইওয়্যার ক্যাম্পেইন শনাক্ত করেছে ক্যাস্পারস্কি
- ডিএলএল সাইডলোডিং পদ্ধতি ব্যবহার করে বৈধ ডেভেলপার সার্টিফিকেটের নিচে ম্যালওয়্যারটি লুকিয়ে রাখা হয়
- ম্যালওয়্যারটি সংবেদনশীল তথ্য চুরি, স্ক্রিনশট এবং রিমোট সিস্টেম শাটডাউন নিয়ন্ত্রণ করতে সক্ষম
এশিয়াজুড়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষার জন্য একটি মারাত্মক স্পাইওয়্যার ক্যাম্পেইন সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি। ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে ক্যাস্পারস্কি বিশেষজ্ঞরা জানান যে, ‘ভ্যালিডর্যাট’ (ValleyRAT) নামের একটি অত্যন্ত পরিশীলিত ব্যাকডোর ম্যালওয়্যার ক্যাম্পেইন শনাক্ত করা হয়েছে, যা কিউএন ওয়ালপেপার (QN Wallpaper) অ্যাডওয়্যার ব্যবহার করে কম্পিউটারে প্রবেশ করছে। বৈধ ডেভেলপার সার্টিফিকেটের আড়ালে ডিএলএল সাইডলোডিং (DLL sideloading) কৌশলের মাধ্যমে এই ক্ষতিকারক সফটওয়্যারটি সিস্টেমে ইনস্টল করা হয়।
ক্যাস্পারস্কির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভ্যালিডর্যাট একটি শক্তিশালী ব্যাকডোর যা গোপনে স্পাইওয়্যারের কাজ পরিচালনা করে। এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর কিবোর্ডের টাইপ বা কি-স্ট্রোক (keystrokes), ক্লিপবোর্ড ডেটা চুরি করা, স্ক্রিনশট ক্যাপচার করা এবং রিমোট থেকে সিস্টেম শাটডাউন ও রিবুট নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। পাশাপাশি এটি সিস্টেমে অতিরিক্ত ক্ষতিকারক মডিউলও স্থাপন করতে পারে।
ক্যাস্পারস্কির সিকিউরিটি এক্সপার্ট ভাসিলি কোলিজনিকভ ব্যাখ্যা করে বলেন, এ ধরনের আক্রমণগুলো সাধারণত এই বাস্তবতার সুযোগ নেয় যে অনেক সময় বৈধ অ্যাপ্লিকেশনগুলো তাদের অ্যাড্রেস স্পেসে লোড হওয়া লাইব্রেরিগুলো যাচাই করে না। এর ফলে আক্রমণকারীরা কোনো সন্দেহ তৈরি না করেই বৈধ লাইব্রেরি প্রতিস্থাপন করে ক্ষতিকারক লাইব্রেরি লোড করতে পারে। ব্যবহারকারীরা অনেক সময় ডিভাইসে অযাচিত সফটওয়্যার বা অ্যাডওয়্যার ইনস্টল করার অনুমতি দিয়ে ফেলেন, যা ম্যালওয়্যার প্রবেশের অন্যতম পথ। তাই অ্যান্টিভাইরাসের অযাচিত সফটওয়্যার সম্পর্কিত সতর্কবার্তা উপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তিনি।
উচ্চমাত্রার নির্ভরযোগ্যতার সাথে ক্যাস্পারস্কি গবেষক দল এই ক্যাম্পেইনের জন্য ‘সিলভারফক্স’ (SilverFox) নামক পরিচিত হ্যাকার গ্রুপকে দায়ী করেছেন। এই গ্রুপটি সাইবারএস্পিওনেজ (তথ্য চুরি) ও আর্থিক লাভের উদ্দেশ্যে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থাকে টার্গেট করে থাকে।
এই ধরনের সাইবার ঝুঁকি এড়াতে ক্যাস্পারস্কি কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে:
- অপ্রমাণিত বা অবিশ্বস্ত উৎস থেকে কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
- কখনো সিকিউরিটি টুলস বা অ্যান্টিভাইরাস নিষ্ক্রিয় করবেন না এবং সিকিউরিটি এক্সক্লুশনে সন্দেহজনক অ্যাপ্লিকেশন যুক্ত করবেন না।
- প্রাতিষ্ঠানিক পর্যায়ে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহারের সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করুন।
- কর্মীদের মধ্যে সাইবার হুমকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন।
- থ্রেট ডিটেকশন, সিকিউরিটি অ্যাওয়ারনেস এবং ডিজিটাল ফুটপ্রিন্ট মনিটরিংয়ের মাধ্যমে সাইবার ঝুঁকি কমাতে কার্যকর সলিউশন ব্যবহার করুন
//ডিবিটেক/ডিএডিওএন/এমভিএনও/এমআইএসটি//





