অক্টোবরে আসতে পারে ওএলইডি আইপ্যাড মিনি

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

  • ২৭ অক্টোবরের দিকে প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ উন্মোচন করতে পারে অ্যাপল
  • সম্ভাব্য ‘ম্যাকবুক আল্ট্রা’তে থাকতে পারে এম৫ প্রো ও ম্যাক্স চিপ
  • নতুন ওএলইডি আইপ্যাড মিনি ও এম৬-চালিত ম্যাক ডিভাইসও আসতে পারে

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
১০ অক্টোবর, ২০২৬ ১৩:৩৮  

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হলে চলতি অক্টোবরেই প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্টটি। একই সময়ে ওএলইডি ডিসপ্লেযুক্ত নতুন আইপ্যাড মিনি এবং এম৬ চিপনির্ভর কয়েকটি ম্যাক ডিভাইসের হালনাগাদ সংস্করণও আসতে পারে। তবে এসব পণ্যের আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ও বৈশিষ্ট্য এখনো নিশ্চিত নয়।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি বিশেষজ্ঞ মার্ক গারম্যানের তথ্য অনুসারে, অ্যাপলের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম টাচস্ক্রিন ল্যাপটপটি আগামী ২৭ অক্টোবর অথবা এর কাছাকাছি সময়ে আত্মপ্রকাশ করতে পারে। আনুষ্ঠানিক তারিখ নিশ্চিত না হলেও, এ বিষয়ে এর আগে এত নির্দিষ্ট সময়ের আভাস পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট।

টাচস্ক্রিন ম্যাকবুকের নতুন অভিজ্ঞতা

অ্যাপলের উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাপটপের টাচস্ক্রিন সংস্করণ আসার গুঞ্জন শুরু হয় ২০২৩ সাল থেকে। পরবর্তী সময়ে মার্ক গারম্যানের বিভিন্ন প্রতিবেদনের সূত্র ধরে এ বিষয়ে আরও তথ্য সামনে আসে।

নতুন ডিভাইসটিতে ডায়নামিক ইন্টারফেইস থাকার কথা রয়েছে, যা ব্যবহারকারীর ইনপুট পদ্ধতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে। ল্যাপটপটির সম্ভাব্য নাম হতে পারে ‘ম্যাকবুক আল্ট্রা’। তবে নামটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটি বর্তমান উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাকবুক প্রো মডেলগুলোর মতো ‘এম৫ প্রো’ ও ‘এম৫ ম্যাক্স’ চিপে চলতে পারে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, নতুন এম৬ চিপের কোনো ‘প্রো’ সংস্করণ আসছে না।

ওএলইডি আইপ্যাড মিনি ও এম৬ ম্যাক

টাচস্ক্রিন ল্যাপটপের পাশাপাশি অক্টোবরে আরও কয়েকটি নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা থাকতে পারে অ্যাপলের। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন নকশার ওএলইডি ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি, এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং আইম্যাকের ছোট পরিসরের হালনাগাদ সংস্করণ। এসব ম্যাক ডিভাইসে নতুন এম৬ চিপ থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বর্তমানে এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো মডেলে এম৫ চিপ এবং আইম্যাকে এম৪ চিপ ব্যবহার করা হয়। অন্যদিকে, ম্যাক মিনির হালনাগাদ সংস্করণের মাধ্যমেই প্রথমবারের মতো এম৬ চিপ আসার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৩ অক্টোবরও আসতে পারে নতুন পণ্য

অক্টোবরের সম্ভাব্য আয়োজনটি অ্যাপলের এ মাসের একমাত্র অনুষ্ঠান নাও হতে পারে। এর আগে ১৩ অক্টোবর একগুচ্ছ নতুন স্মার্ট হোম গ্যাজেট উন্মোচন করতে পারে কোম্পানিটি।

তবে টাচস্ক্রিন ল্যাপটপ, ওএলইডি আইপ্যাড মিনি ও এম৬-চালিত ম্যাক ডিভাইসগুলোর উন্মোচন, নাম, নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং বাজারে আসার সময় সম্পর্কে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।

//ডিবিটেক/ব্লুমবার্গ/ওআরএস/এমএনও//