বাইকারদের মিলনমেলা ও রক কনসার্ট

সুজুকি ডে ২০২৬-এ নতুন ভি-স্ট্রম এসএক্স ২৫০ উন্মোচন

  • সুজুকি ডে ২০২৬-এ নতুন ২৫০ সিসির ভি-স্ট্রম এসএক্স উন্মোচন করেছে সুজুকি বাংলাদেশ
  • বিশেষ মূল্য ও প্রি-বুকিং প্যাকেজ ঘোষণা করেছে র‍্যাংকন মোটর বাইকস লিমিটেড
  • স্টান্ট শো, ডার্ট রেস ও রক কনসার্টে মুখর ছিল পূর্বাচলের আয়োজন

সুজুকি ডে ২০২৬-এ নতুন ভি-স্ট্রম এসএক্স ২৫০ উন্মোচন
১৩ অক্টোবর, ২০২৬ ২০:৪০  

শহরের ব্যস্ত সড়ক থেকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ—বিভিন্ন ধরনের পথে চলার উপযোগী ২৫০ সিসির নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সুজুকি ভি-স্ট্রম এসএক্স ২৫০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে সুজুকি বাংলাদেশ। সুজুকি ডে ২০২৬-এর জমকালো আয়োজনে নতুন এই মোটরসাইকেলটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সুজুকি বাংলাদেশের কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান র‍্যাংকন মোটর বাইকস লিমিটেড।

পূর্বাচলের বিসিএফইসি-তে অনুষ্ঠিত এই আয়োজনে একসঙ্গে জড়ো হন হাজারো বাইকার ও সঙ্গীতপ্রেমী। নতুন ভি-স্ট্রম ২৫০ এসএক্স তৈরি করা হয়েছে বহুমুখী সিটি রাইড এবং দীর্ঘ ভ্রমণের কথা বিবেচনায় রেখে। এতে রয়েছে ২৫০ সিসির ইঞ্জিন এবং আকর্ষণীয়, মজবুত অ্যাডভেঞ্চার ট্যুরার (এডিভি) নকশা।

অনুষ্ঠান চলাকালে সুজুকি বাংলাদেশ নতুন মোটরসাইকেলটির বিশেষ উদ্বোধনী মূল্য এবং প্রি-বুকিং প্যাকেজ ঘোষণা করে। তবে ঘোষিত বিশেষ মূল্য ও প্রি-বুকিং প্যাকেজের বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বাইকপ্রেমীদের জন্য পুরো আয়োজনজুড়ে ছিল নানা আকর্ষণ। লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং মোটরসাইকেলের বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষভাগে ছিল জনপ্রিয় রকব্যান্ড জেমস, ওয়ারফেজ ও কার্নিভালের পরিবেশনায় লাইভ কনসার্ট। তাদের সংগীত পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন, যা সুজুকি ডে ২০২৬-কে বাইক ও সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় করে তোলে।

//ডিবিটেক/এসআরটি/এসএমপি/এমভিএনও/ডিপিওই//