আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের আউটসোর্সিং ও বিপিও খাতের ভাবমূর্তি সুরক্ষার আহ্বান
বিটোপিয়া গ্রুপ বিতর্কে বাক্কোর গভীর উদ্বেগ, নিরপেক্ষ তদন্ত দাবি
- আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাক্কোর গভীর উদ্বেগ প্রকাশ।
- ফাইভার (Fiverr)-এ অনৈতিক অ্যাকাউন্ট পরিচালনা ও কৃত্রিম রিভিউ তৈরির অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তের দাবি।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন অপরাধের প্রভাব যেন লাখো সৎ পেশাজীবী ও সামগ্রিক খাতের সুনামে না পড়ে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকার আ
আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে দেশীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপকে (Betopia Group) ঘিরে সাম্প্রতিক সময়ে ওঠা বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। দেশের বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংগঠন হিসেবে বাক্কো মনে করে, উত্থাপিত এ ধরনের গুরুতর অভিযোগের যথাযথ অনুসন্ধান ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা এখন সময়ের দাবি। ২৬ সেপ্টেম্বর, শনিবার বাক্কো সচিবালয়ের নির্বাহী কর্মকর্তা কাজী মেহেদী হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘ফাইভার’ (Fiverr)-এ বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে অনৈতিকভাবে মাল্টিপল অ্যাকাউন্ট পরিচালনা, কৃত্রিম রিভিউ ও রেটিং তৈরি এবং অন্যান্য পেশাদার ফ্রিল্যান্সারদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির মতো নানা অভিযোগ মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাক্কো স্পষ্টভাবে জানিয়েছে, কোনো পূর্বধারণা বা একপেশে সিদ্ধান্তের ভিত্তিতে নয়; বরং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের মাধ্যমে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
বাক্কো আরও জানিয়েছে, নিরপেক্ষ তদন্তে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের পেশাগত পরিবেশ সুরক্ষায় দেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধান অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
একই সঙ্গে বাণিজ্য সংগঠনটি দৃঢ়তার সাথে উল্লেখ করেছে, দেশের বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের হাজার হাজার প্রতিষ্ঠান এবং লাখো দক্ষ তরুণ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছেন। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন অপকর্মের দায়ভার যেন পুরো খাতের সুনাম ও অর্জিত বৈশ্বিক আস্থাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও নৈতিক আউটসোর্সিং ইকোসিস্টেম বজায় রাখতে বাক্কো সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছে।
//ডিবিটেক/ আইটিইএস/ এসএমই/এমএসআই//





