তারুণ্যের মেধা ও মনন বিকাশ

যবিপ্রবিতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

  • যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
  • শারীরিক ও মানসিক উৎকর্ষে ক্রীড়া চর্চার গুরুত্ব
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় বাছাইয়ের সুযোগ

যবিপ্রবিতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা
৪ অক্টোবর, ২০২৬ ১৩:৩৫  

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার নিবিড় গবেষণার পাশাপাশি তরুণ প্রজন্মের মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রত্যয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬’। শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই ক্রীড়া আসর শিক্ষার্থীদের মাঝে এক ইতিবাচক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

৪ অক্টোবর, রবিবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর জানান, শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণিকক্ষ ও গবেষণাগারের ভেতর সীমাবদ্ধ থাকলে চলবে না। মেধা ও মানসিকতার সুষম ও সার্বিক বিকাশে ক্রীড়া এবং সংস্কৃতির ভূমিকা অত্যন্ত জরুরি। এই ধরনের আন্তঃবিভাগীয় আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে ওঠে। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলকে অভিনন্দন জানান এবং পুরো টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উল্লেখ করেন, খেলাধুলাকে ইতিবাচক ও আনন্দঘন পরিবেশে উপভোগ করা উচিত। বিজয়ের আনন্দের পাশাপাশি পরাজয়কে সহজে মেনে নেওয়ার ক্রীড়াসুলভ মানসিকতা তৈরি করতে হবে। মাঠে প্রতিপক্ষ দল হলেও তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। তিনি আরও যোগ করেন, ক্রীড়াঙ্গনে যবিপ্রবি সবসময় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানের জন্য ট্রফি বয়ে আনবে।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আয়োজক সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।

এ সময় উপস্থিত ছিলেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

 //ডিবিটেক/এনএইচজে/এসপিএম/পিসিবি//