আন্তর্জাতিক সনদের চূড়ান্ত পরীক্ষায় বসছেন ২৮ শিক্ষার্থী

শেষ হলো ইউআইটিএস’র আইপিএ এফই প্রশিক্ষণ

  • বিসিসির সহযোগিতায় দুই মাসব্যাপী ৬০ ঘণ্টার বিশেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
  • জাপানের আইপিএ পরিচালিত আইটিইই লেভেল-২ ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং সনদের প্রস্তুতি
  • ৩১ অক্টোবর আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চূড়ান্ত পরীক্ষা

শেষ হলো ইউআইটিএস’র আইপিএ এফই প্রশিক্ষণ
১৬ অক্টোবর, ২০২৬ ০০:৩৬  

জাপানের আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাগত আইটি সনদের জন্য শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে  ৩০ দিন ধরে ২৮ জন শিক্ষার্থীকে  ‘আইপিএ এফই (আইটিইই) প্রশিক্ষণ’ দিলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’। আগামী ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে অনুষ্ঠেয় চূড়ান্ত আন্তর্জাতিক সনদায়ন পরীক্ষায় অংশ নিতে ইউআইটিএসের সিএসই বিভাগের এই প্রশিক্ষণগ্রহণকারী শিক্ষার্থীরা। 

বৈশ্বিক আইটি বাজারে কর্মসংস্থান ও পেশাগত ক্যারিয়ার গঠনের লক্ষ্যে জাপানের তথ্যপ্রযুক্তি প্রসারণ সংস্থা (আইপিএ)-র অধীনে পরিচালিত "ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং)" পরীক্ষার জন্য এই প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হলো অংশগ্রহণকারী শিক্ষার্থীদের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয় ১৫ অক্টোবর, বৃহস্পতিবার। প্রশিক্ষণ কার্যক্রমে যৌথভাবে অর্থায়ন করেছে ইউআইটিএসের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও জাইকা-প্রশিক্ষিত মাস্টার টিওটি ট্রেইনার অধ্যাপক ড. শামীম এইচ. রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মো. রাশিদুল হাসান, আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমন আন্তর্জাতিক সুযোগ সৃষ্টির জন্য বিসিসিকে ধন্যবাদ জানান এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে টিকে থাকতে আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাগত সার্টিফিকেশন অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত ২ আগস্ট থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলমান দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩০টি সেশনের মাধ্যমে মোট ৬০ ঘণ্টার পাঠদান পরিচালিত হয়। বুয়েটের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ. রিপন, ব্র্যাক ইউনিভার্সিটির আন্নাজিয়াত আলিম রাসেল এবং ইউআইটিএসের শিক্ষক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন ও আল-ইমতিয়াজ এতে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। কর্মসূচির অংশ হিসেবে গত ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত মডেল টেস্টের শীর্ষ ৩ শিক্ষার্থীকে সমাপনীতে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীর হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। 

//ডিবিটেক/ইউটিএসএইচ/এসএমপি/এমআইএসটি//