অস্ট্রেলিয়ায় স্কলারশিপ প্রাপ্তির কৌশল নিয়ে উদ্বোধনী অধিবেশন
যবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক দুই মাসব্যাপী সেমিনার শুরু
- আন্তর্জাতিক উচ্চশিক্ষা, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপের প্রস্তুতিতে সহায়তা দেবে বিশেষ সেমিনার সিরিজ
- অর্জিত জ্ঞান ও গবেষণা দেশের কল্যাণে কাজে লাগাতে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার আহ্বান উপাচার্যের
- জিইবিটি বিভাগের শিক্ষক ড. ফরহাদ করীম সৈকত অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার কার্যকর দিকনির্দেশনা দেন
বিদেশে উচ্চশিক্ষার বৈশ্বিক সুযোগ, গবেষণা তহবিল এবং স্কলারশিপ প্রাপ্তির সঠিক প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, নিখুঁত আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ সংক্রান্ত দুই মাসব্যাপী সেমিনার সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। ১১ অক্টোবর, রবিবার উদ্বোধনী দিনে “অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়” শীর্ষক প্রায়োগিক সেমিনার অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ উদ্বোধনী অধিবেশন শুরু হয়। যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সার্বিক সহযোগিতায় এ সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করুক—এটিই প্রত্যাশিত। তবে বিদেশে অর্জিত জ্ঞান ও প্রযুক্তির সুফল যেন দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে লক্ষ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে আসা জরুরি। তিনি তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে গবেষণালব্ধ মেধার সঠিক প্রয়োগ ঘটানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান তথ্যের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে বলেন, অর্জিত জ্ঞান দেশের আধুনিকায়ন ও স্থানীয় শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী সেমিনারে মূল আলোচক ছিলেন যবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ আবেদনের সুনির্দিষ্ট ধাপগুলো তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক মানের স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লিখন, প্রাতিষ্ঠানিক রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, জিআরই, টোফেল বা আইইএলটিএস পরীক্ষার কার্যকর প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিদেশি অধ্যাপকদের সাথে প্রাতিষ্ঠানিক গবেষণার যোগাযোগ স্থাপনের কৌশল নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এমএনএইচ/এসএমপি/বিপিও//





