আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি স্বীকৃতি
জাকার্তায় বাংলাদেশী ৩ প্রতিষ্ঠানের অ্যাসোসিও অ্যাওয়ার্ড জয়
- গ্লোবাল সার্ভিস, ট্যালেন্ট ও এআই শিক্ষায় স্বীকৃতি
- ২৭ দেশের সম্মেলনে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে বৈশ্বিক মঞ্চে দেশের প্রযুক্তিগত সক্ষমতার অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান। জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর মনোনয়নে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সফল প্রয়োগের স্বীকৃতি হিসেবে এই গৌরবময় ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে প্রতিষ্ঠানগুলো।
বিসিএস সূত্রে প্রকাশ, ৬ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে আয়োজিত ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস) আয়োজিত তিন দিনব্যাপী (৫-৭ অক্টোবর) ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
পুরস্কার নিচ্ছেন ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাশেদ কামাল
অনুষ্ঠানে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাশেদ কামাল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মো. মনির হোসেন এবং স্কিলআপারের ফাউন্ডার ও চিফ ইনস্ট্রাক্টর মো. শামীম হুসাইন।
পুরস্কার নিচ্ছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মো. মনির হোসেন
চলতি আসরে বিসিএস-এর মনোনয়নে ‘অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস’ ক্যাটাগরিতে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, প্রযুক্তি দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারের জন্য ‘অ্যাসোসিও এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে স্কিলআপার এই গৌরবময় সম্মাননা লাভ করেছে।
পুরস্কার নিচ্ছেন স্কিলআপারের ফাউন্ডার ও চিফ ইনস্ট্রাক্টর মো. শামীম হুসাইন
সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইনসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই অর্জন দেশের আইসিটি খাতের সক্ষমতা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের বৈশ্বিক স্বীকৃতি। এটি দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে এগিয়ে নিতে এবং শক্তিশালী ডিজিটাল রূপান্তরে আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করবে।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন জানান, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরেকটি গর্বের মাইলফলক; বিগত ১৮ বছর ধরে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তোলার যে নিরলস যাত্রা, এটি তারই স্বীকৃতি। দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল জানান, নতুন প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত কাজ করার ফলেই গোটা দেশের পক্ষ থেকে এই অর্জন সম্ভব হয়েছে, যা প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন জানান, ২৭টি দেশের উপস্থিতিতে এই আন্তর্জাতিক মূল্যায়ন দেশের শিক্ষিত ও বেকার তরুণদের দক্ষতা বাড়িয়ে বৈশ্বিক কর্মসংস্থান তৈরিতে বড় পরিসরে কাজ করার নতুন প্রেরণা জোগাবে।
এবারের সম্মেলনে মোট ১২টি প্রধান শ্রেণিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি থাই আইসিটি শিল্প সংস্থাকে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ এবং এপটিকনাসকে ‘এক্সট্রাঅর্ডিনারি মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অবকাঠামো ও অর্থনৈতিক রূপান্তরে অবদানের জন্য ইন্দোনেশিয়ার চার মন্ত্রী—এইচ অগাস হরি মূর্তি ইউধোয়নো, রোসান পারকাসা রোয়েসলানি, এইচ তেউকু রিফকি হারস্যা ও ইর এরলাঙ্গা হারতার্তোকে ‘অনারারি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/আরআইইউজে/এসএমপি/বিপিও//





