বিপিও ও আইটিইএস খাতে তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
চালু হলো বাক্কো ট্রেনিং ল্যাব
- বিপিও ও আইটিইএস খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে চালু হলো বাক্কো ট্রেনিং ল্যাব
- ল্যাবে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (ASO) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু
- এআই, ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তির কোর্সের মাধ্যমে বৈশ্বিক কর্মসংস্থানের লক্ষ্য
বিজ্ঞান, আধুনিক তথ্যপ্রযুক্তি, কারিগরি প্রকৌশল ও অনলাইন ব্যবস্থার যুগে দেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাক্কো ট্রেনিং ল্যাব। বৈশ্বিক বাজারে আউটসোর্সিং সক্ষমতা বাড়াতে আধুনিক ডিজিটাল ল্যাব ব্যবহারের বিকল্প নেই বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
২৭ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ট্রেনিং ল্যাবের কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BACCO প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে SICIP-BACCO প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক।
এছাড়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহিম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালকবৃন্দ সায়মা শওকত এবং আব্দুল কাদের।
বাক্কো কর্তৃপক্ষ জানায়, এই ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে উঠল।
শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির এই প্রযুক্তিগত উদ্যোগ দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, একই অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (ASO) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর পাশাপাশি, এআই (AI), ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বাক্কোর, যার মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও অনলাইন আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
//ডিবিটেক/কিউএমএইচ/ ইএমএস/ এমআইএসটি//





