বাতিল সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা

পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

  • পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে রুয়েট
  • চারটি ব্যাচের নির্ধারিত সেমিস্টার ও ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হয়েছে
  • জব্দ মোবাইল ফোন ও ক্যালকুলেটর শিক্ষা কার্যক্রম শেষে ফেরত দেওয়া হবে

পরীক্ষায় অসদুপায়, রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার
১৩ অক্টোবর, ২০২৬ ১৫:১৭  

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষাগুলোও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার স্বচ্ছতা ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিন এ সিদ্ধান্ত নিয়েছে।

১৩ অক্টোবর, মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় সর্বসম্মতিক্রমে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন রয়েছেন। তাদের একজন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের এবং অন্যজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া ২২ সিরিজের তিন শিক্ষার্থীর মধ্যে দুজন পুরকৌশল বিভাগের এবং একজন যন্ত্রকৌশল বিভাগের। ২৪ সিরিজের চার শিক্ষার্থীর মধ্যে তিনজন পুরকৌশল বিভাগের এবং একজন মেকাট্রনিক্স বিভাগের। অন্যদিকে, ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর একজন করে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে।

বহিষ্কারের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, পরীক্ষার হল থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য জিনিসপত্রের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হবে। তাঁদের শিক্ষা কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর এসব জিনিস ফেরত দেওয়া হবে।

ঘটনার বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।

তিনি আরও বলেন, রুয়েটে ইতোমধ্যে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে পাঁচটি পর্যন্ত করা হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

//ডিবিটেক/আরসিটিআর/এসভিপি/এমআইএসটি//