৪ মাসের মধ্যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশ
বেসিস-এর নতুন প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন নিযুক্ত
বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার । বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে চার মাসের জন্য বেসিস-এর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার।
- বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে
- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে ৪ মাসের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে
- পূর্বের প্রশাসক যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানের মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হলো
- নতুন প্রশাসককে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে
৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জারি করা অফিস আদেশ সূত্রে জানা যায়, বেসিস-এর কার্যক্রম পরিচালনা ও নির্বাচন আয়োজনের জন্য আগে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো]।
আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকে বেসিস-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
//ডিবিটেক/ এনএপি/ এসআই/এমআইএসটি//





