সর্বোচ্চ ১৫ শতাংশ সমন্বিত কমিশনের দাবি

ফুডপান্ডার অর্ডার স্থগিতের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের

  • অতিরিক্ত ফি ও জরিমানা চাপিয়ে কমিশন ৩৫ শতাংশে উন্নীত করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ
  • রাইডারের বিলম্ব কিংবা অযৌক্তিক অর্ডার বাতিলে আর্থিক ক্ষতিপূরণ চাপানো বন্ধের জোর দাবি
  • দাবি না মানলে নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম চালু ও কার্যক্রম বয়কটের আনুষ্ঠানিক হুঁশিয়ারি

ফুডপান্ডার অর্ডার স্থগিতের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের
১০ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭  

ফুডটেক প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমিক একতরফা নীতিমালা, অস্বচ্ছ হিসাব ব্যবস্থা ও অস্বাভাবিক অতিরিক্ত মাশুল কার্যকরের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে বন্দরনগরীর খাদ্য উদ্যোক্তারা। অতিরিক্ত কমিশন, হিডেন চার্জ, রাইডারদের বিলম্বের দায়ভার ও একতরফা রিফান্ডের নামে অর্থ কেটে নেওয়ার প্রতিবাদে অনলাইন খাবার সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ফুডপান্ডার অর্ডার গ্রহণ স্থগিত বা সম্পূর্ণ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর শাখা।

 ১০ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকার বারকোড রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন নওশাদ এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। উদ্যোক্তারা অভিযোগ করেন, শুরুতে মাত্র ৮ শতাংশ কমিশনে কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। বর্তমানে কমিশনের বাইরেও অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ, অপেক্ষার মাশুল, কমিশনের ওপর ভ্যাট, ট্যাব ফি ও ইন্টারনেট ফি যুক্ত করে মোট কর্তন ৩৫ শতাংশ পর্যন্ত উন্নীত করা হচ্ছে। এছাড়া বিক্রয়কৃত ডিজিটাল পেমেন্টের অর্থ পরিশোধে ১৩ দিন থেকে তিন মাস পর্যন্ত বিলম্ব করা হয়, যা রেস্তোরাঁগুলোর মূলধন প্রবাহ ও আর্থিক ব্যবস্থাপনাকে চরম সংকটে ফেলেছে।

উদ্যোক্তারা স্পষ্ট করেন, তারা প্রযুক্তিগত উদ্ভাবন বা ডিজিটাল কমার্সের বিরোধী নন; বরং ফুডটেক ইকোসিস্টেমে স্বচ্ছতা ও ব্যবসায়িক ন্যায্যতা চান। প্ল্যাটফর্মের সিস্টেম ত্রুটি বা লজিস্টিক জটিলতায় ফুডপান্ডার নিজস্ব রাইডাররা দেরিতে খাবার সংগ্রহ করলে গ্রাহক যে অর্ডার বাতিল করেন, তার সম্পূর্ণ আর্থিক দায় রেস্তোরাঁগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়। এমনকি সত্যতা যাচাই ও রেস্তোরাঁর মতামত না নিয়ে একতরফাভাবে অর্থ কেটে নেওয়ার অভিযোগও তোলা হয়। দেশীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফুডি সমন্বিত ১৫ শতাংশ কমিশনে সেবা দিতে পারলে বহুজাতিক প্ল্যাটফর্মের এমন বাড়তি চার্জ অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।

এ সংকট নিরসনে ছয় দফা দাবি উত্থাপন করেছে সমিতি। এর মধ্যে রয়েছে সব অতিরিক্ত চার্জ বাতিল করে সর্বোচ্চ ১৫ শতাংশ সমন্বিত কমিশন নির্ধারণ, স্বচ্ছ ও সহজ হিসাব প্রদান, রেস্তোরাঁর ত্রুটি ছাড়া বাতিল হওয়া অর্ডারের ক্ষতিপূরণ বহন, রাইডারের দেরির জন্য রেস্তোরাঁকে জরিমানা বন্ধ, একতরফা অর্থ কর্তন রহিত এবং সর্বোচ্চ সাত দিনের মধ্যে বিক্রির পাওনা পরিশোধ। দাবি না মানলে সম্মিলিতভাবে অর্ডার গ্রহণ বন্ধ করে নিজস্ব আঞ্চলিক ডিজিটাল ডেলিভারি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন উদ্যোক্তারা। পাশাপাশি অনলাইন ফুড ডেলিভারি খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ ও অসুস্থ প্রতিযোগিতা রোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/ডিএমও/এসএমপি/বিপিসি//