তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা
‘উদ্যোগ’ প্রকল্পে প্রযুক্তিতে অনুদান
- হালকা প্রকৌশল, সৌরবিদ্যুৎ ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন
- ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা
- ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের পুরো অংশই ঋণে রূপান্তর হবে
হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ উপজেলা পর্যায়ের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে ‘উদ্যোগ’ প্রকল্পের আনুষ্ঠানিক নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
১৩ সেপ্টেম্বর, রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। নীতিমালার নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ব্যবসা ও কারিগরি উদ্যোগের জন্য এ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন।
নির্দেশনায় বলা হয়, প্রতিটি উদ্যোগে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে সাধারণ ঋণ হিসেবে এবং ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে। এছাড়া ঋণ ও অনুদানের এ অর্থ উদ্যোক্তাদের একই সঙ্গে এককালীন ছাড় করা হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
তবে অর্থ ছাড়ের ক্ষেত্রে শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, ঋণ হিসেবে নেওয়া অর্থ নির্দিষ্ট নিয়মে পরিশোধ না করলে অনুদান হিসেবে দেওয়া অর্থের পুরোটা স্বয়ংক্রিয়ভাবে ঋণে রূপান্তরিত হবে। ফলে অনুদানের সুবিধা শতভাগ নিশ্চিত করতে উদ্যোক্তাকে আগে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ও সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি সেবা, আধুনিক কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, পর্যটন ও হস্তশিল্পসহ অন্যান্য বৈধ ব্যবসায়িক খাতে নিয়োজিত তৃণমূল পর্যায়ের তরুণরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়ে এ তহবিল বিতরণ তদারকি করা হবে। //ডিবিটেক/ওসি/এসই/ইআইসি//





