৪৩২ যুব সংগঠনকে ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’
- ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদক ও চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী
- ৮টি ক্যাটাগরিতে মনোনীত ১৫ তরুণকে ক্রেস্টের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থ পুরস্কার
- স্বচ্ছতা নিশ্চিতে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে যাবে অর্থ
সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবা ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে মর্যাদাপূর্ণ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লক্ষ টাকার প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হচ্ছে। আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এ পুরস্কার ও অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
১৪ অক্টোবর, বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যুব সমাজের সৃজনশীল উদ্যোগ, মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের আওতায় স্থায়ীভাবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়েছে। এর পাশাপাশি যুবকদের আত্মকর্মী, দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিবছর নিবন্ধিত সংগঠনগুলোকে প্রকল্পভিত্তিক আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ বছর আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি ক্যাটাগরিতে দেশসেরা ১৫ জন তরুণ-তরুণীকে নির্বাচন করা হয়েছে। পদকের সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে।
একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের ৪৩২টি নিবন্ধিত যুব সংগঠনের জন্য ৩ কোটি ৫৭ লক্ষ টাকার অনুদান অনুমোদন করা হয়েছে। বরাদ্দের কাঠামো অনুযায়ী জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন ১ লক্ষ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন ৭৫ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরির সেরা ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প অনুদান পাচ্ছে। জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন বাছাই কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের নিবিড় পর্যালোচনার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশের জেলা প্রশাসকগণ সরাসরি সংযুক্ত থাকবেন। কেন্দ্রীয়ভাবে প্রতীকী চেক হস্তান্তরের পাশাপাশি জেলা পর্যায়ে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হবে। সর্বোচ্চ আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে অনুদানের অর্থ সরাসরি স্ব-স্ব যুব সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এমএনএ/এসএমপি/ওইএম//





