বিশেষ সাধারণ সভায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

  • বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নির্বাচিত
  • ডাক অধিদপ্তরের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়
  • প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাকসেবা গঠনে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের অঙ্গীকার

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৫০  

বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ ডাক অধিদপ্তরের দ্বিতীয় তলার সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় উপস্থিত ক্যাডার সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ও অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) মো. আবু তালেব নির্বাহী সভাপতি এবং পরিচালক (আন্তর্জাতিক ডাক সার্ভিস) মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে নবগঠিত এই নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কমিটির নির্বাচিত সহসভাপতিরা হলেন— পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন); মৌসুমী রহমান, পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা; কবির আহমেদ, পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনা; খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা); এবং শেখ সাইফুল ইসলাম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম।

যুগ্ম সম্পাদক-১ হিসেবে শরীফ লতীফ (অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা) এবং যুগ্ম সম্পাদক-২ হিসেবে সঞ্জিত চন্দ্র পণ্ডিত (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সংযুক্ত ডাক অধিদপ্তর) দায়িত্ব গ্রহণ করেছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত কর্মকর্তারা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল হক (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, খুলনা বিভাগ); কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা নগরী উত্তর বিভাগ); দপ্তর সম্পাদক আতিয়া সুলতানা (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা বিভাগ); প্রচার সম্পাদক মো. রাকিব বিশ্বাস (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, রাজশাহী বিভাগ); এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাসানুজ্জামান (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, আরএমএস-ই বিভাগ, খুলনা)।

নবনির্বাচিত নেতৃত্ব জানায়, এই কমিটি ডাক বিভাগের ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সংহতি জোরদার, তাঁদের ন্যায্য স্বার্থ ও পেশাগত মর্যাদা সংরক্ষণ এবং সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করবে। একই সাথে আধুনিক, বিশ্বমানের প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব স্মার্ট ডাকসেবা গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়।           

//ডিবিটেক/জেএনএইচ/এসএমপি/এমভিএনও/ডিপিওই//