চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি ও লুটের ঘটনার পর চার দফা দাবি আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের
ডিডিএনে হামলার পর আইএসপি খাতের নিরাপত্তা জোরদারের দাবি
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং চাঁদা দাবির ঘটনার পর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দেশের সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছে।
১৩ জুলাই, সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ডিডিএনের কার্যালয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি এবং দাবি পূরণ না হলে হামলা ও হয়রানির অভিযোগ বেড়েছে। এতে পুরো আইএসপি খাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আইএসপিএবি জানায়, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, ব্যাংকিং, ই-কমার্স এবং সরকারি-বেসরকারি সেবার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে দেশের ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
সংগঠনটি সরকারের কাছে চারটি দাবি জানিয়েছে। এগুলো হলো—ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপি খাতে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের ইন্টারনেট সেবা সচল রাখা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় আইএসপি খাতকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এর আগে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের এক্সেস রোড এলাকায় ডিডিএনের কার্যালয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায়। প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। পাশাপাশি হামলার আগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর কাছে মুঠোফোনে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলমান।
//ডিবিটেক/এনএইচটি/এমএসআই//





