বিশ্ববাজারে কম্পিউটার সরবরাহ কমল ২০ শতাংশ

বিশ্ববাজারে কম্পিউটার সরবরাহ কমল ২০ শতাংশ
১২ অক্টোবর, ২০২৬ ১০:৩৩  
১১ অক্টোবর, ২০২৬ ১২:৩৫  

বৈশ্বিক কম্পিউটার ও ল্যাপটপ বাজারে বড় ধরনের পতন পরিলক্ষিত হয়েছে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর মাস) বিশ্বজুড়ে কম্পিউটার সরবরাহ বা শিপমেন্ট এক বছর আগের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ কমে গেছে। 

এই তিন মাসে মোট ৬ কোটি ২৭ লাখ ইউনিট কম্পিউটার বাজারে সরবরাহ করা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৮৫ লাখ ইউনিট। এর আগের প্রান্তিকে ৩ দশমিক ৮ শতাংশ হ্রাসের পর এটি টানা দ্বিতীয় প্রান্তিকের পতন, যা প্রযুক্তি শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ক্রেতার চাহিদা হ্রাস
এই পতনের পেছনে মূল কারণ হিসেবে অতিরিক্ত পণ্য মজুত এবং চড়া দামকে দায়ী করছেন বিশ্লেষকেরা। বছরের প্রথমার্ধে সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় খুচরা বিক্রেতারা অতিরিক্ত পরিমাণে কম্পিউটার ও যন্ত্রাংশ কিনে গুদামজাত করেছিলেন। ফলে তৃতীয় প্রান্তিকে এসে তারা নতুন পণ্য কেনার পরিবর্তে পুরোনো মজুত খালাসে বেশি মনোযোগী হন। 

আইডিসির ডিভাইস বিষয়ক গবেষণা পরিচালক জিতেশ উব্রানি জানিয়েছেন, বাজারে উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের চাহিদা কমে গেছে, যা বিক্রেতাদের নতুন স্টক অর্জনে নিরুৎসাহিত করছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটায় সামনের দিনগুলোতে বাজারের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অবস্থান
বাজার বিশ্লেষণে দেখা যায়, মন্দাবস্থার মধ্যেও বিক্রির দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১ কোটি ৪৯ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ করে তারা ২৩ দশমিক ৮ শতাংশ বাজার দখল করেছে, যদিও গত বছরের তুলনায় তাদের সরবরাহ ২২ দশমিক ৬ শতাংশ কমেছে। 

এছাড়া ১ কোটি ৩ লাখ ইউনিট সরবরাহ করে ১৬ দশমিক ৫ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচপি, যাদের পতন হয়েছে সবচেয়ে বেশি- প্রায় ৩০ দশমিক ৯ শতাংশ। 

ডেল টেকনোলজিস ৭৬ লাখ ইউনিট সরবরাহ করে তৃতীয় অবস্থানে রয়েছে। 

অন্যদিকে, অ্যাপল ৫৯ লাখ এবং আসুস ৫৫ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে। এর মধ্যে আসুসের পতন সবচেয়ে কম (৮ দশমিক ৬ শতাংশ) হয়েছে। 

সার্বিক এই পরিস্থিতিতে কম্পিউটার বাজারের স্থবিরতা কবে কাটবে, তা নিয়ে এখন সংশয়ে রয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা