ফাইভজি ও এআই প্রযুক্তিতে হুয়াওয়ে ও কোয়ালকমের ঐতিহাসিক পেটেন্ট চুক্তি

ফাইভজি ও এআই প্রযুক্তিতে হুয়াওয়ে ও কোয়ালকমের ঐতিহাসিক পেটেন্ট চুক্তি
৬ অক্টোবর, ২০২৬ ২০:০২  

বিশ্বের শীর্ষস্থানীয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান চীনের হুয়াওয়ে এবং যুক্তরাষ্ট্রের কোয়ালকম ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটিং ও নেটওয়ার্কিং প্রযুক্তির পেটেন্ট যৌথভাবে ব্যবহারের জন্য একটি বহুবছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। 

ফাইভজি প্রযুক্তির ক্ষেত্রে এই দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে এটিই প্রথম ক্রস-লাইসেন্সিং চুক্তি। নতুন এই চুক্তির অধীনে শুধু একে অপরের পেটেন্ট বা মেধাস্বত্ব ব্যবহারের সুযোগই তৈরি হয়নি, বরং হুয়াওয়ের উদ্ভাবিত এআই, কম্পিউটিং ও নেটওয়ার্কিং বিষয়ক বেশ কয়েকটি মার্কিন পেটেন্ট সরাসরি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোয়ালকম। 

বাণিজ্যিক অনুমোদন ও আর্থিক প্রভাব
উভয় প্রতিষ্ঠানের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তির আর্থিক মূল্য প্রকাশ্যে আনা হয়নি। তবে আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, এই চুক্তি চূড়ান্ত রূপ পেলে পেটেন্ট লাইসেন্সিং খাত থেকে হুয়াওয়ের মোট চুক্তিকৃত আয়ের পরিমাণ ৬ ৯০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে আসছে হুয়াওয়ে। ফলে মার্কিন প্রযুক্তি ক্রয় ও পেটেন্ট স্থানান্তরের এই প্রক্রিয়াটি কার্যকর হতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ও সংশ্লিষ্ট তদারকি সংস্থার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

বিশ্ব প্রযুক্তিতে উদ্ভাবনের স্বীকৃতি
টানাপোড়েনের বাণিজ্যিক সম্পর্কের মাঝেও এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। 

হুয়াওয়ের বুদ্ধিবৃত্তিক সম্পদবিষয়ক প্রধান কর্মকর্তা অ্যালান ফ্যান জানান, টানা কয়েক দশকের গবেষণা ও বিনিয়োগের মাধ্যমে ফাইভজি ও মোবাইল যোগাযোগে নেতৃত্বস্থান নিশ্চিত করেছে হুয়াওয়ে। এই চুক্তি তাদের উদ্ভাবনী ক্ষমতারই বৈশ্বিক স্বীকৃতি। 

অন্যদিকে কোয়ালকমের প্রযুক্তি লাইসেন্সিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন হ্যান জানান, দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রযুক্তিগত উৎকর্ষ এবং ফাইভজি উদ্ভাবনকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতেই এই যৌথ সমঝোতা। 

এই চুক্তি বিশ্বজুড়ে প্রযুক্তির অবাধ বিকাশ ও সামগ্রিক বৈশ্বিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা