শিক্ষা, বিনোদন ও পারিবারিক মূল্যবোধ

শিশুদের জন্য ইউটিউব চ্যানেল খুললেন সালমান

  • ‘বিয়িং দ্য সালমান খান’ নামে ইউটিউব চ্যানেল চালু করেছেন সালমান খান
  • শিশুদের শেখা, আনন্দ ও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দিতে চান অভিনেতা
  • নতুন চ্যানেলের কনটেন্ট নিয়ে ভক্তদের কৌতূহল দূর করেছেন তিনি

শিশুদের জন্য ইউটিউব চ্যানেল খুললেন সালমান
১১ অক্টোবর, ২০২৬ ১৯:২৩  

শিশুদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে ইউটিউবে নতুন যাত্রা শুরু করেছেন বলিউড তারকা সালমান খান। ‘বিয়িং দ্য সালমান খান’ নামে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই অভিনেতা চ্যানেলটির উদ্দেশ্যও স্পষ্ট করেছেন।

চ্যানেলটি চালুর পর দর্শকদের কাছ থেকে পাওয়া উষ্ণ প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমান। তবে নতুন চ্যানেলের ভিডিওগুলো মূলত কাদের জন্য, তা নিয়ে তৈরি হওয়া কৌতূহল দূর করে তিনি জানান, এসব কনটেন্ট প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দর্শকদের ধন্যবাদ জানিয়ে সালমান লেখেন, “আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়। তবে আপনাদের বুঝতে হবে, এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।”

চ্যানেলটির মূল ভাবনা ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, “দেখা যাক, এটি কীভাবে এগোয়। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি-মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি, তাই না?”

সালমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রচলিত তারকাদের ব্যক্তিগত ভিডিও বা ভ্লগের বাইরে গিয়ে শিশুদের উপযোগী কনটেন্ট তৈরি করতে চান তিনি। একই সঙ্গে শেখার পরিবেশে আনন্দ, ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধ যুক্ত করাই নতুন উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

//ডিবিটেক/ডিপিওএন/এসএমপি/বিপিসি//