মদিনার এক বছর আগের ফুটেজ

মক্কায় ড্রোন ভূপাতিতের ভিডিওটি পুরোনো ও বিভ্রান্তিকর

  • ডিজিটাল যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের
  • ফুটেজটি মক্কার নয়, মদিনার আকাশে অজ্ঞাত ড্রোন ভূপাতিতের পুরোনো দৃশ্য
  • সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ভূপাতিত করলেও ফুটেজটি ভিন্ন ঘটনার

মক্কায় ড্রোন ভূপাতিতের ভিডিওটি পুরোনো ও বিভ্রান্তিকর
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৫  

ডিজিটাল ফরেনসিক ও ফ্রেম-বাই-ফ্রেম রিভার্স ইমেজ বিশ্লেষণ প্রযুক্তির মাধ্যমে মক্কার আকাশে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবিতে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওকে পুরোনো ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রাতের আকাশে একটি প্রজ্বলিত বস্তুকে বিস্ফোরিত হয়ে নিচে পড়তে দেখা যায়। দাবি করা হয়, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার দক্ষিণে হুতিদের নিক্ষিপ্ত একটি মানববিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শতাধিক পেজে পোস্ট হওয়া এই ক্লিপটি প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক এবং ষষ্ঠ লিংকে প্রচার করা হয়, যার একটিতেই ভিউ ছাড়িয়েছে ছয় লাখ।

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এবং মেটাডেটা ট্র্যাকিং করে দেখা যায়, হুবহু একই ফুটেজ ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই অনলাইনে সক্রিয় রয়েছে, যা সাবেক টুইটারের এক্স প্লাটফর্মের দুইটি লিংকে-  প্রথম লিংকদ্বিতীয় লিংক এবং মেটার ইনস্টাগ্রামে সংরক্ষিত আছে। এছাড়া ‘ইসলাম চ্যানেল’ নামের ফেসবুকের একটি ভেরিফায়েড পেজের পোস্টে সে সময় এটিকে সৌদি আরবের মদিনার মসজিদে নববির কাছাকাছি আকাশে বিস্ফোরণ হিসেবে প্রচার করা হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আর্কাইভ ও ওপেন-সোর্স ইনভেস্টিগেশন অনুযায়ী, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মদিনায় একটি অননুমোদিত ড্রোন প্রযুক্তিগতভাবে শনাক্ত ও ভূপাতিত করা হয়, যার বিস্তারিত রয়েছে প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক চতুর্থ লিংকে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি এবং ড্রোনের উৎস বা কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।

রয়টার্সসহ বৈশ্বিক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি মক্কার আকাশে ড্রোন ভূপাতিতের দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ প্রযুক্তিগত বা চাক্ষুষ কোনো প্রমাণ দেয়নি এবং হুতিরা তা অস্বীকার করেছে। ফলে প্রমাণিত হয়, মদিনার এক বছর পুরোনো ফুটেজ বিভ্রান্তিকরভাবে মক্কার বর্তমান দাবি হিসেবে প্রচার করা হচ্ছে।
//ডিবিটেক/এফসিডি/এসএমই/এমআইএসটি//