ক্যাসপারস্কির প্রতিবেদনে নতুন ঝুঁকি
এআই নিরাপত্তা দুর্বলতা বেড়েছে ১০ গুণ
- ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এআই ও এলএলএম সেবায় ৯৩৫টি দুর্বলতা শনাক্ত হয়েছে
- এর মধ্যে ১১৯টি গুরুতর নিরাপত্তা ত্রুটি, আগের প্রান্তিকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি
- ২০২৬ সালের প্রথম চার মাসে ক্ষুদ্র ব্যবসায় ৩৩ হাজারের বেশি এআই-সংশ্লিষ্ট সাইবার হামলা শনাক্ত হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এসব সেবায় নিরাপত্তা দুর্বলতাও দ্রুত বাড়ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এআই ও এলএলএম সেবায় শনাক্ত নিরাপত্তা দুর্বলতার সংখ্যা ১০ গুণ বেড়ে ৯৩৫টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১৯টি ছিল গুরুতর নিরাপত্তা ত্রুটি, যা ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। ক্যাসপারস্কির ‘কোয়ার্টারলি এক্সপ্লোয়িটস অ্যান্ড ভালনারেবিলিটিস রিপোর্ট’-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এআইভিত্তিক সফটওয়্যারে প্রধানত তিন ধরনের নিরাপত্তা সমস্যা দেখা যাচ্ছে। এগুলো হলো গুরুত্বপূর্ণ তথ্য ও সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দুর্বলতা, ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ে ত্রুটি এবং সফটওয়্যারে ক্ষতিকর নির্দেশনা প্রবেশ করানোর সুযোগ। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অননুমোদিতভাবে কোনো সিস্টেমে প্রবেশ করতে বা ক্ষতিকর কার্যক্রম চালাতে পারে।
ক্যাসপারস্কির ম্যালওয়্যার বিশেষজ্ঞ আলেকজান্ডার কোলেসনিকভ বলেন, “এআই প্রযুক্তি ও বিভিন্ন টুল অনেক কাজ সহজে এবং দ্রুত করতে সাহায্য করছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। সিস্টেমে প্রবেশের অনুমতি, ব্যবহারকারীর পরিচয় যাচাই এবং সফটওয়্যারের দুর্বলতা এখন বড় উদ্বেগের বিষয়। নিরাপদ থাকতে শুধু সফটওয়্যার আপডেট করলেই হবে না, প্রতিষ্ঠানের পুরো প্রযুক্তি ব্যবস্থার ওপর নজর রাখতে হবে। এতে সময়মতো হুমকি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
এদিকে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে পরিচালিত সাইবার হামলাতেও জনপ্রিয় এআই সেবার নাম ব্যবহার করা হচ্ছে। ক্যাসপারস্কির আরেকটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে এসব প্রতিষ্ঠানের কম্পিউটার লক্ষ্য করে ৩৩ হাজার ৩০০টির বেশি সাইবার হামলা শনাক্ত করেছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা সফটওয়্যার। এসব হামলায় ক্ষতিকর বা অনাকাঙ্ক্ষিত সফটওয়্যারকে জনপ্রিয় এআই সেবার সফটওয়্যার হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ ধরনের হামলার সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়েছে।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় ক্যাসপারস্কির ‘ক্যাসপারস্কি নেক্সট’ নিরাপত্তা সমাধানে সার্বক্ষণিক নজরদারি, আগাম সুরক্ষা এবং সাইবার হামলা শনাক্ত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এসব সুবিধা এআই ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারে।
//ডিবিটেক/এসএসসিপিআর/এসএমপি/এমভিএনও/ডিপিওই//





