সাইবার সুরক্ষায় ব্যবসায়িক সংযোগ
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা প্রযুক্তি এক্সপো
- ১০ দেশের ১৫০ ব্র্যান্ড অংশ নিচ্ছে নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শনীতে
- সাইবার, নজরদারি ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি থাকছে প্রদর্শনীতে
- ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে প্রদর্শনী দেখার সুযোগ
দেশীয় নিরাপত্তা পণ্য ও প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক এবং সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক যোগাযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। তিন দিনব্যাপী আয়োজনে সাইবার নিরাপত্তা, স্মার্ট নজরদারি, অগ্নিনিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল ও সমন্বিত নিরাপত্তা প্রযুক্তির বিভিন্ন সমাধান প্রদর্শন করা হচ্ছে।
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ১৯ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত।
দেশের প্রযুক্তিপণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। তাঁর মতে, এটি শুধু প্রযুক্তি প্রদর্শনের আয়োজন নয়; নিরাপত্তা বিষয়ে সচেতনতা, নেটওয়ার্ক তৈরি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোরও কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি বলেন, সরকার দেশের ইলেকট্রনিক ও সাইবার নিরাপত্তায় বিদেশি নিরাপত্তা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোকে বাংলাদেশ হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, দেশের দ্রুত ডিজিটালাইজেশন ও শিল্পায়নের সঙ্গে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও জোরদার করতে হবে।
তিনি বলেন, নিরাপত্তা এখন শুধু ভবন বা সম্পদ রক্ষার বিষয় নয়। মানুষের নিরাপত্তার পাশাপাশি তথ্য, ডিজিটাল ব্যবস্থা, ব্যবসা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষাও এর অংশ। প্রদর্শনীতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশি-বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা পণ্য ব্যবসায়ীদের নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হবে।
আয়োজক আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো ব্যবস্থাপনায় স্মার্ট ও সংযুক্ত প্রযুক্তির ব্যবহার বাড়ায় এ আয়োজন আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে জানার এবং নিজেদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।
অন্যদিকে একই সঙ্গে অনুষ্ঠিত ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’-এ শিল্প ও কর্মক্ষেত্রের নিরাপত্তার আধুনিক সমাধান তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসের সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু। তিনি বলেন, ডিজিটালাইজেশন, শিল্পায়ন ও নগরায়ণের সঙ্গে নিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুরক্ষার গুরুত্ব বাড়ছে। স্মার্ট নজরদারি, সাইবার নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় দেশে বড় সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষ জনবলের ঘাটতি, সচেতনতার অভাব, আন্তর্জাতিক মানদণ্ডের অসম প্রয়োগ এবং প্রযুক্তির ব্যয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। সরকার, ব্যবসায়ী ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জ্ঞান বিনিময়, প্রযুক্তি গ্রহণ এবং নতুন অংশীদারত্ব তৈরিতে বিসিএস ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন। উপস্থিত ছিলেন বিসিএসের যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, বিসিএসের সদস্য, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশ থেকে আসা প্রযুক্তি ব্যবসায়ীরা।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, দুটি প্রদর্শনীতে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অংশগ্রহণে প্রস্তুতকারক, প্রযুক্তি সরবরাহকারী, পরিবেশক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নিরাপত্তা পেশাজীবী, ব্যবসায়ী, সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ থাকছে।
তিন দিনের আয়োজনে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার ও শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনারও অনুষ্ঠিত হবে। এতে নিরাপত্তা প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
আয়োজকরা আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে কর্মস্থলের অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং ব্যবস্থা, স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সমাধান, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা এবং অন্যান্য স্বাস্থ্য ও নিরাপত্তা সরঞ্জাম।
তিন দিনের আয়োজনে বিশ্বের ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি এবং ৫০০-এর বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
প্রদর্শনীতে দর্শনার্থীরা সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি নিরাপত্তা ও সেফটি খাতের পরিবর্তনশীল প্রবণতা সম্পর্কে জানতে পারবেন। প্রতিষ্ঠানগুলো কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাপন নিশ্চিত করতে পারে, সে সম্পর্কেও বাস্তবভিত্তিক ধারণা পাবেন।
দুটি প্রদর্শনীতেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে। তবে দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬-এ অংশ নিতে আয়োজকদের দেওয়া নিবন্ধন লিংক এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬-এর জন্য পৃথক নিবন্ধন লিংক ব্যবহার করতে হবে।
//ডিবিটেক/ইউজিবিপি/এসএমই/এমআইএসটি//





