একচেটিয়া সিন্ডিকেট বন্ধে কঠোর নির্দেশনা

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট নিয়ন্ত্রণে বিটিআরসির সতর্কতা

  • চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবায় একচেটিয়া আধিপত্যের অভিযোগ
  • বিটিআরসির ত্রিপক্ষীয় বৈঠকে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্কতা
  • পছন্দ অনুযায়ী বৈধ আইএসপি সেবা গ্রহণের সুযোগ

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট নিয়ন্ত্রণে বিটিআরসির সতর্কতা
৬ অক্টোবর, ২০২৬ ১৪:৫৭  

বাণিজ্যিক বিপণিবিতানে ইন্টারনেটের কৃত্রিম মনোপলি ও একক নিয়ন্ত্রণ ভেঙে উন্মুক্ত ফাইবার নেটওয়ার্ক ও সমান প্রতিযোগিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডে বৈধ লাইসেন্সধারী ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সংযোগে অন্যায্য নিয়ন্ত্রণ ও অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ অক্টোবর, সোমবার রাজধানীর বিটিআরসি প্রধান কার্যালয়ে কমিশন, সংশ্লিষ্ট দুই মার্কেট কর্তৃপক্ষ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধিদের মধ্যে এক জরুরি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি এই মৌখিক সতর্কবার্তা দিয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানায় আইএসপিএবি।

বৈঠকে মেরিডিয়ান কোহিনূর সিটির ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের বিষয়টি তুলে ধরে আইএসপিএবি। সেখানে বিদ্যমান ব্যবস্থায় বৈধ আইএসপিগুলোর কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ইন্টারনেট আয়ের ৩৫ শতাংশ হারে সেবা ফি আদায়ের বিষয়টি অবহিত করা হয়। কমিশন তাৎক্ষণিকভাবে মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে জানায়, বৈধ লাইসেন্সধারী আইএসপিগুলোর কাছ থেকে কোনো ধরনের বাড়তি চার্জ আদায় করা যাবে না এবং গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অযৌক্তিক বাধার সৃষ্টি করা যাবে না।

অন্যদিকে বালি আর্কেডের ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ মাত্র একটি আইএসপির কাছ থেকে সংযোগ নিয়ে তা নিজেদের অভ্যন্তরীণ ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করছে এবং সরাসরি ইন্টারনেট বিল আদায় করছে বলে বৈঠকে অভিযোগ ওঠে।

ত্রিপক্ষীয় আলোচনার পর বিটিআরসি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় যে মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্য সব স্বতন্ত্র গ্রাহক নিজেদের পছন্দ অনুযায়ী বিটিআরসির অনুমোদিত ট্যারিফে যেকোনো বৈধ লাইসেন্সধারী আইএসপি থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। তবে মার্কেট দুটিতে ফাইবার অপটিক ক্যাবলের প্রযুক্তিগত শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আইএসপিএবিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কোনো ভবন, শপিংমল, বাণিজ্যিক কমপ্লেক্স কিংবা আবাসন প্রকল্পে একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণ তৈরি করতে কোনো আইএসপি সহায়তা করলে তাদের লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মাঝে সুস্থ প্রতিযোগিতা এবং বৈধ প্রতিষ্ঠানের সমান সুযোগ নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাবেন। আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ জানান, বিটিআরসির নির্দেশনার আলোকে বাণিজ্যিক স্থাপনাগুলো গ্রাহকের পছন্দের স্বাধীনতা ও আইএসপিগুলোর নির্বিঘ্ন সেবা পরিচালনায় পূর্ণ সহযোগিতা দেবে বলে তাঁরা আশা করছেন।

//ডিবিটেক/বিআইএস/এসএমপি/বিপিসি//