ই-ক্যাব নির্বাচন ১৯ ডিসেম্বর

  • ই-ক্যাবের ১১ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচন হবে ১৯ ডিসেম্বর ২০২৬
  • হালনাগাদ নথি অনলাইনে জমার শেষ সময় ১৯ অক্টোবর বিকেল ৫টা
  • ভোটার তালিকায় থাকতে সদস্যদের চাঁদা ও বকেয়া পরিশোধের শর্ত রয়েছে

ই-ক্যাব নির্বাচন ১৯ ডিসেম্বর
১ অক্টোবর, ২০২৬ ১৯:৪০  

ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)–এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বর, শনিবার। এর মাধ্যমে  প্রাথমিক বাধা কাটিয়ে দীর্ঘ সময় ধরে প্রশাসক নিয়ন্ত্রিত অবস্থা থেকে নির্বাহী কমিটি গঠনের পথে হাটতে শুরু করলো প্রযুক্তিনির্ভর অনলাইন ব্যবসা খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনটি।  এরই অংশ হিসেবে নির্বাচনে অংশ নিতে সদস্যদের হালনাগাদ ব্যবসায়িক, কর ও প্রতিনিধিত্বসংক্রান্ত নথি জমা দেওয়ার প্রক্রিয়াও জানানো হয়েছে।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২; বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং ই-ক্যাবের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কেন্দ্র পরবর্তীতে নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলে ১ অক্টোবর, বৃহস্পতিবার সদস্যাদের কাছে পাঠানো তফসিলে উল্লেখ করা হয়েছে। 

ঘোষিত কাঠামো অনুযায়ী ১১ সদস্যের নির্বাহী কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন অর্থ সম্পাদক এবং পাঁচজন পরিচালক।

নির্বাচন-সংক্রান্ত তফসিল অনুযায়ী ১৯ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল ৫টার মধ্যে ই-ক্যাবের ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করতে সদস্যদের অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানের হালনাগাদ আয়কর সনদ বা রিটার্ন জমার রশিদ এবং ব্যবসার ধরন অনুযায়ী প্রতিনিধিত্বসংক্রান্ত নথি।

লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির শেয়ারহোল্ডার হতে হবে—এমন প্রতিনিধি মনোনয়নের রেজুলেশন জমা দিতে হবে। অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারদের মনোনীত প্রতিনিধির মনোনয়নপত্রের কপি দিতে হবে।

তফসিল, নির্বাচন-সংক্রান্ত তথ্যাবলি ও আচরণবিধি অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সদস্যদের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন বোর্ডের কাছে বাসা-৩৩, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায়-. সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের ৩০ জুনের পর্যন্ত হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি;  হালনাগাদ আয়কর সনদ বা রিটার্ন জমার রশিদের ফটোকপি (প্রতিষ্ঠানের ক্ষেত্রে Assessment Year 2024-25 এবং ব্যক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের Assessment Year 2025-26 প্রযোজ্য) এবং  লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নির্বাহী কমিটি কর্তৃক প্রতিনিধি মনোনয়নের রেজুলেশনের মূলকপি জমা দিতে হবে। মনোনীত প্রতিনিধি কোম্পানির শেয়ারহোল্ডার হতে হবে। অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারদের মনোনীত প্রতিনিধির মনোনয়নপত্র দিতে হবে।

ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক নিজেই প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও অনলাইন ব্যবসা বা ই-কমার্স ব্যবসার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোমপেজ অথবা ফেসবুক পেজের স্ক্রিনশট প্রিন্ট করে জমা দিতে হবে।  পাশাপাশি. সংশ্লিষ্ট প্রতিনিধির দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। ছবির পেছনে সদস্যের নাম ও সদস্য নম্বর উল্লেখ করতে হবে। একইভাবে  জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; সংঘবিধি অনুযায়ী সদস্যপদ নবায়ন সনদ বা হালনাগাদ তথ্যাদি এবং বকেয়া চাঁদা পরিশোধের রশিদ বা মানি রিসিট জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা ও তথ্য হালনাগাদ করার জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ই-ক্যাবের ওয়েবসাইটে সদস্যপদসংক্রান্ত তথ্য অনুযায়ী, সদস্যপদ কার্ড নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সদস্যের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে ব্যবহৃত হয়।
//ডিবিটেক/এসএমপি/বিভি/পিসি//