৫৪ বাসার বিপরীতে আবেদন ৫৯৬টি; উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তর: ফলাফল এখন অনলাইনে
- সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও হয়রানিমুক্ত করার উদ্যোগ
- শর্ত পূরণ না করায় ২৫৪টি আবেদন বাতিল, যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত ৩৪২টি
- সচিবালয়ে অনলাইন ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
সরকারি বাসা বরাদ্দের দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়াকে স্বচ্ছ, গতিশীল এবং শতভাগ জনবান্ধব করতে অনলাইনভিত্তিক ফলাফল প্রকাশ সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ স্বয়ংক্রিয় ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ অনলাইনে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হলে মোট ৫৯৬ জন সরকারি চাকরিজীবী অনলাইনে আবেদন জমা দেন। কঠোর প্রযুক্তিগত যাচাই-বাছাই ও স্ক্রিনিং শেষে ৩৪২টি আবেদন বৈধ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না করায় এবং ত্রুটিপূর্ণ তথ্যের কারণে ২৫৪টি আবেদন বাতিল ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা, তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং নাগরিক সেবাকে সম্পূর্ণ সহজ ও দুর্নীতিমুক্ত করাই সরকারের মূল অঙ্গীকার। তারই অংশ হিসেবে আবাসন পরিদপ্তরের সনাতন ম্যানুয়াল প্রক্রিয়া ভেঙে সম্পূর্ণ আধুনিক সফটওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে বরাদ্দপ্রত্যাশীদের শারীরিক ভোগান্তি ও দীর্ঘসূত্রতা দূর হবে এবং পুরো বরাদ্দ প্রক্রিয়ায় সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/বিএনএনআর/এসএমপি/ এমভিএনও//





