বিটকয়েন নেটওয়ার্ক থেকে ৩২০ মিলিয়ন ডলার গায়েব
বিটকয়েনভিত্তিক অন্যতম জনপ্রিয় লেনদেন ও নিষ্পত্তি মাধ্যম 'লিকুইড নেটওয়ার্ক'-এ বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির সমন্বিত ডিজিটাল তহবিল বা 'ফেডারেশন ওয়ালেট' থেকে প্রায় ৩২০ মিলিয়ন বা ৩২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বিটকয়েন সরিয়ে নেওয়া হয়েছে। রোববারের এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে লিকুইড নেটওয়ার্কের মাধ্যমে নতুন সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
‘হোয়াইট-হ্যাট’ হ্যাকারদের কাণ্ড ও ওয়ালেটের ওপর প্রভাব
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিকুইড নেটওয়ার্ক জানায়, নিজেদের ‘হোয়াইট-হ্যাট’ বা নীতিবান হ্যাকার বলে দাবি করা একটি চক্র এই অর্থ তুলে নিয়েছে। তাদের মূল ওয়ালেটে রক্ষিত মোট ৪ হাজার ২০০ বিটকয়েনের মধ্যে প্রায় ৪ হাজার বিটকয়েনই নিজেদের দখলে নিয়ে নেয় হ্যাকাররা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে লিকুইড ওয়ালেট ব্যবহারকারীরা সরাসরি প্রভাবিত হবেন। সাময়িক এই জটিলতার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেটওয়ার্ক কর্তৃপক্ষ।
কীভাবে ঘটলো?
প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী লিকুইড নেটওয়ার্ক জানিয়েছে, ‘সাইডসওয়াপ’ নামের একটি অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহার করে এই অর্থ তুলে নেওয়া হয়। সাইডসওয়াপ মূলত এই নেটওয়ার্ক থেকে অর্থ উত্তোলনের প্রাতিষ্ঠানিক অনুমতিপ্রাপ্ত একটি মাধ্যম। তবে অর্থ প্রত্যাহারের ক্ষেত্রে যেসব গোপনীয় সিকিউরিটি কি বা ডিজিটাল চাবি ব্যবহার করা হয়, সেগুলোর নিরাপত্তা ব্যাহত হয়নি বলে দাবি করেছে লিকুইড নেটওয়ার্ক।
গোপনীয় কী সুরক্ষিত থাকার পরও ঠিক কীভাবে এই বিপুল অঙ্কের বিটকয়েন সরিয়ে নেওয়া সম্ভব হলো, তা নিয়ে জোর কারিগরি তদন্ত শুরু হয়েছে। কীভাবে মূল ব্যবস্থার মধ্য থেকে এই নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগানো হয়েছে, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা।
লিকুইড নেটওয়ার্ক জানিয়েছে, পুরো সিস্টেম পর্যালোচনার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত হওয়ার পর নেটওয়ার্কের স্বাভাবিক লেনদেন পুনরায় চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





