স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি ও সাশ্রয়ী অ্যাক্সিডেন্টাল কেয়ারে সাফল্য

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ জোড়া স্বীকৃতি গার্ডিয়ান লাইফের

  • অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমে ইনস্যুরেন্স ইনোভেশন পুরস্কার অর্জন
  • এক বছরে ৫৫৭ কোটি টাকার ২ লাখ ৬১ হাজার দাবি নিষ্পত্তি; ৯৭ শতাংশ এক সপ্তাহে
  • মাত্র ১০ টাকায় ইভেন্ট টিকিটভিত্তিক অ্যাক্সিডেন্টাল কেয়ার পেল অনারেবল মেনশন

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ জোড়া স্বীকৃতি গার্ডিয়ান লাইফের
১৫ অক্টোবর, ২০২৬ ১৫:৩৪  

বীমা সেবাকে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬’-এ জোড়া পুরস্কার অর্জন করেছে শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। নিজস্ব ‘অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেম’ (এসিপিএস)-এর জন্য প্রতিষ্ঠানটি লাভ করেছে ‘ইনস্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’। পাশাপাশি মাত্র ১০ টাকায় স্বল্পমেয়াদী বীমা সুবিধা প্রদানকারী ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগটি অর্জন করেছে বিশেষ ‘অনারেবল মেনশন’।

১৫ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

গার্ডিয়ানের অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেম (এসিপিএস) দাবি উত্থাপন, যাচাইকরণ, মূল্যায়ন, ট্র্যাকিং ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ নিষ্পত্তি—পুরো প্রক্রিয়াটিকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করেছে। ফলে কাগুজে নথিপত্রের ব্যবহার ও মানুষের সরাসরি হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গ্রাহকরা যেকোনো সময় অনলাইনে নিজেদের ক্লেইম স্ট্যাটাস পর্যবেক্ষণ করতে পারছেন। পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত এক বছরে গার্ডিয়ান লাইফ মোট ২ লাখ ৬১ হাজারেরও বেশি দাবি নিষ্পত্তি করেছে, যার আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি দাখিলের একই দিনে এবং মোট দাবির ৯৭ শতাংশ মাত্র এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

অন্যদিকে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগটি বিভিন্ন ইভেন্টের টিকিট ও রেজিস্ট্রেশন সিস্টেমের সাথে সরাসরি যুক্ত হয়ে স্বল্পমেয়াদী দুর্ঘটনা বীমাকে সাধারণের হাতের নাগালে এনেছে। আলাদা কোনো জটিল আবেদনপত্র পূরণ ছাড়াই মাত্র ১০ টাকা প্রিমিয়ামে ২৪ ঘণ্টার দুর্ঘটনাজনিত বীমা কভারেজের আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য ও জীবন সুরক্ষা সুবিধা পাচ্ছেন অংশগ্রহণকারীরা।

এই অর্জন প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, সাধারণ মানুষের কাছে বীমা সেবাকে আরও সহজ, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এসিপিএসের মাধ্যমে যেমন দাবি নিষ্পত্তির জটিলতা দূর হয়েছে, তেমনি অ্যাক্সিডেন্টাল কেয়ার সাধারণ নাগরিকের দৈনন্দিন আর্থিক সুরক্ষার অংশ হয়ে উঠেছে। এসব স্বীকৃতি গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে এবং আগামী দিনে আরও অর্থবহ ডিজিটাল সমাধান উদ্ভাবনে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। 

//ডিবিটেক/এমআরএফআর/এসএমপি/এমআইএসটি//