সাংগঠনিক স্বচ্ছতা ও আইসিটি সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বারোপ
বিআইজেএফ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- সভায় আর্থিক ও সাংগঠনিক প্রতিবেদন অনুমোদন
- পেশাগত উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত
- আইসিটি খাতের পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান
তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী সাংবাদিকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) অডিটোরিয়ামে প্রায় চার ঘণ্টাব্যাপী স্বতঃস্ফূর্ত আলোচনার মধ্য দিয়ে সভাটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন।
সভায় সাধারণ সম্পাদক সাব্বিন হাসান ২০২৪-২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, শতভাগ ভোটে নির্বাচিত বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সভা, সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে কার্যক্রম পরিচালনা করেছে। তিনি আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল কোষাধ্যক্ষের দপ্তর সক্রিয় করে আর্থিক স্বচ্ছতা আনা এবং আইসিটি শিল্পে সংগঠনের সম্পৃক্ততা বৃদ্ধি করা।"
এরপর জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। অধিকাংশ লেনদেন ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন এবং সঠিক হিসাব সংরক্ষণ করার বিষয়টি তিনি উল্লেখ করেন। বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন এবং পরবর্তী অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য এনকে রয় অ্যান্ড কোংকে পুনর্নিয়োগ দেন।
সভাপতির বক্তব্যে হিটলার এ হালিম বলেন, "বর্তমান নির্বাহী কমিটি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উন্মুক্ত আলোচনার সুযোগ রেখে কাজ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ সংগঠনের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।"
প্রশ্নোত্তর পর্বে নির্বাহী কমিটির শীর্ষ নেতারা সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. এনামুল করিমসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসএমআই/এমআইএস/এফওই//





