প্রতারণা এড়াতে সতর্কবার্তা

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

  • ট্রেনের টিকিট কিনতে হবে রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট, অ্যাপ বা কাউন্টার থেকে
  • অননুমোদিত মাধ্যমে প্রতারণা, আর্থিক ক্ষতি বা তথ্যের অপব্যবহারের দায় নেবে না রেলওয়ে
  • পাসওয়ার্ড, ওটিপি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছে

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে
১৩ অক্টোবর, ২০২৬ ১৫:০৭  

অনলাইনে ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি এড়াতে যাত্রীদের শুধু বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। অনুমোদিত মাধ্যমের বাইরে কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট কিনে আর্থিক ক্ষতি, প্রতারণা কিংবা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না।

১৩ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে শুধু বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকেটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে।

রেলওয়ে আরও জানিয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হলে এর দায়ভার সংস্থাটি বহন করবে না।

যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদে টিকিট কেনা এবং সম্ভাব্য প্রতারণা এড়াতে সব সময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

//ডিবিটেক/বিআরপি/এসভিপি/এমআইএসটি//