নিজস্ব চাহিদা মিটিয়ে গ্রিডে বিদ্যুৎ
ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র
- লক্ষ্মী কোল্ডস্টোরেজে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন জেলা প্রশাসক
- নিজস্ব অর্থায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি স্থাপন করা হয়েছে
- মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে
ঠাকুরগাঁওয়ে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩২২ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এই প্রকল্পের মাধ্যমে কোল্ডস্টোরেজের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
১০ অক্টোবর, শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মী কোল্ডস্টোরেজে প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
জ্বালানির ব্যবহার ও ব্যয় সাশ্রয় এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আশরাফুল আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার ইমরান কবির, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী লুৎফুল হাসান সরকার এবং লক্ষ্মী প্রিজার্ভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে মফিজুল ইসলাম জানান, ৩২২ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় প্রতিষ্ঠানটি নিজস্ব বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে। এ ছাড়া কোল্ডস্টোরেজের কার্যক্রম সীমিত থাকা মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষ্মী প্রিজার্ভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে। প্রকল্পটিতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
প্রকল্পটি শিল্প ও সংরক্ষণ খাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের অব্যবহৃত সক্ষমতা কাজে লাগিয়ে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
//ডিবিটেক/টিএইচটিডিটি/এমআইএসটি/এমএনও//





