ফ্যাসেটের সঙ্গে এনআরবি ব্যাংকের রেমিট্যান্স চুক্তি

বৈধ পথে বিদেশি আয় আনতে উদ্যোগ

  • বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয় ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করল ফ্যাসেট
  • ফ্রিল্যান্সার ও রিমোট কর্মীরা ব্যাংকিং চ্যানেলে বিদেশি আয় গ্রহণ করতে পারবেন
  • লেনদেনে থাকবে যাচাই করা হিসাব ও প্রযোজ্য সরকারি নগদ প্রণোদনার সুযোগ

বৈধ পথে বিদেশি আয় আনতে উদ্যোগ
১৫ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ফ্রিল্যান্সার, দূরবর্তী কর্মী ও বিদেশে ব্যবসা পরিচালনাকারীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে দ্রুত বৈদেশিক আয় দেশে আনার সুযোগ তৈরি করতে রেমিট্যান্স সেবা চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে এটিই ফ্যাসেটের প্রথম অংশীদারত্ব। প্রতিষ্ঠান দুটির দাবি, দেশে এ ধরনের উদ্যোগও প্রথম।

রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

চুক্তির আওতায় ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাওয়া গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে সেই অর্থ বাংলাদেশে গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার প্রযোজ্য হবে। এর ফলে প্রথমবারের মতো বাংলাদেশে ফ্যাসেটের গ্রাহকেরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে নিজেদের আয় দেশে আনার সুযোগ পাচ্ছেন।

প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন হওয়ায় গ্রাহকদের বৈদেশিক আয়ের যাচাই করা ব্যাংকিং রেকর্ড থাকবে। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে দেশে আসা প্রবাসী আয়ের বিপরীতে সরকারের নগদ প্রণোদনাও পাওয়া যাবে। এ ছাড়া ব্যবসায়ীদের রপ্তানি আয়ের কাগজপত্র তৈরির প্রক্রিয়া সহজ হবে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুসরণ করে রেমিট্যান্স বিতরণ করবে। গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি) এবং অর্থপাচার প্রতিরোধ (এএমএল) সংক্রান্ত যাচাইয়ের দায়িত্ব পালন করবে ফ্যাসেট। অন্যদিকে, গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়ার আগে প্রাপকের তথ্য যাচাই এবং স্থানীয় পর্যায়ে অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত যাচাই করবে এনআরবি ব্যাংক। প্রতিষ্ঠান দুটির মতে, এ ব্যবস্থায় লেনদেন আরও নিরাপদ হবে এবং প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য হিসাব সংরক্ষিত থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, “রেমিট্যান্স বাড়ানো ও গ্রাহকসেবা সহজ করার ক্ষেত্রে এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ আরও দ্রুত, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠাতে পারবেন।”

ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল বলেন, “এনআরবি ব্যাংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। আমরা প্রযুক্তিনির্ভর ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তুলতে চাই, আর এই চুক্তি সেই লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।”

তিনি আরও বলেন, “একসঙ্গে আমরা রেমিট্যান্স আরও সহজ করব এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেব।”

রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারণে কৌশলগত সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দিচ্ছে এনআরবি ব্যাংক। এই চুক্তি সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা আরও সহজ ও দক্ষ করার সুযোগও খুঁজবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাআদত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস ও গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান।
//ডিবিটেক/জিইপিআর/এসভিপি/এমআইএসটি//