এলা ক্ল-তে বহুমুখী স্বয়ংক্রিয়তা
স্মার্টফোনে কাজ করবে টেকনোর এজেন্টিক এআই
- ৪০টির বেশি স্মার্ট স্কিল দিয়ে স্মার্টফোনের কার্যক্ষমতা উন্নত করতে পারে এলা ক্ল
- ব্যবহারকারীর অনুমতিতে একাধিক অ্যাপের কাজ ধাপে ধাপে সম্পন্ন করবে সহকারীটি
- পরীক্ষামূলক উন্নয়ন চলছে; সবার জন্য চালুর সময় এখনো জানায়নি টেকনো
স্মার্টফোনে কেবল প্রশ্নের উত্তর দেওয়া নয়, বরং ব্যবহারকারীর নির্দেশ বুঝে একাধিক অ্যাপে কাজ সম্পন্ন করা এবং যন্ত্রের কার্যক্ষমতা উন্নত করার লক্ষ্য নিয়ে এলা ক্ল নামের পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নিজস্ব এলা সহকারীর সঙ্গে ওপেনক্ল কাঠামো যুক্ত করে তৈরি করা এই প্রযুক্তি সাধারণ কথোপকথনের সীমা ছাড়িয়ে দৈনন্দিন কাজকে আরও সহজ, কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করার জন্য তৈরি হচ্ছে। তবে এলা ক্ল এখনো পরীক্ষামূলক উন্নয়ন পর্যায়ে রয়েছে।
প্রচলিত কথোপকথনভিত্তিক সহকারীর সঙ্গে এলা ক্ল-এর পার্থক্য হলো, এটি ব্যবহারকারীর পরিস্থিতি বুঝতে, তার পছন্দ সম্পর্কে শিখতে এবং অনুমোদন নিয়ে ফোনে বিভিন্ন কাজ করতে সক্ষম হওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। ৪০টির বেশি স্মার্ট দক্ষতার সাহায্যে এটি অতিরিক্ত ব্যাটারি বা মোবাইল ডেটা ব্যবহারকারী অ্যাপ শনাক্ত করতে, র্যাম ও প্রসেসরের সম্পদ পরিষ্কার করতে, পেছনে চলা অ্যাপের কার্যক্রম কমাতে এবং ফোনের সামগ্রিক কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করতে পারে। তবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন হবে, যাতে ফোনের ওপর নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকে।
ব্যবহারকারীর অনুমতি পেলে এলা ক্ল কেনাকাটা, যাতায়াতের গাড়ি বুকিং, খাবার অর্ডার এবং স্মার্ট হোম অ্যাপ পরিচালনার মতো কাজও ধাপে ধাপে সম্পন্ন করতে পারে। এর পেছনে রয়েছে ‘ক্রস-অ্যাপ অটোমেশন’ সুবিধা, যা একাধিক অ্যাপের মধ্যে কাজ সমন্বয় করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী কণ্ঠস্বর বা লিখিত নির্দেশ দিলেই সহকারীটি রাইড-শেয়ারিং অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করা, অনলাইনে খাবার অর্ডার দেওয়া, পণ্য কেনা কিংবা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপে একাধিক কাজ সম্পন্ন করতে সহায়তা করতে পারে। পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর সামনে দৃশ্যমান থাকবে, ফলে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।
প্রযুক্তিবিষয়ক প্রকাশনাগুলোও কথোপকথন থেকে সরাসরি কাজ সম্পাদনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির উদাহরণ হিসেবে এলা ক্ল-এর কথা তুলে ধরেছে। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, ওপেনক্ল-চালিত এই সহকারী নিয়মিত স্মার্টফোনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে এবং বিভিন্ন অ্যাপের তথ্য একত্রে ব্যবহার করতে পারে। অন্যদিকে, গ্যাজেটম্যাচ ফোনের রক্ষণাবেক্ষণ, ব্যক্তিগত অভ্যাস অনুযায়ী কাজ পরিচালনা এবং একাধিক অ্যাপের মধ্যে সমন্বয়ের ওপর এর গুরুত্ব তুলে ধরেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ এলা ক্ল-কে উদীয়মান ‘এজেন্ট ফোন’ প্রবণতার অংশ হিসেবে বিবেচনা করেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, স্মার্টফোন ধীরে ধীরে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দেওয়া যন্ত্র থেকে এমন সক্রিয় ব্যবস্থায় রূপ নিচ্ছে, যা ব্যবহারকারীর উদ্দেশ্য বুঝে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারবে। প্রতিবেদনে টেকনোর ব্যবহারিক ও সিস্টেম-স্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, প্রিমিয়াম শ্রেণির বাইরের ফোনেও উন্নত এজেন্টিক এআই সুবিধা ছড়িয়ে দেওয়ার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের মতো দেশে স্মার্টফোন এখন কাজ, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা এবং দৈনন্দিন সেবার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের প্রযুক্তি এসব কাজে সময় ও শ্রম কমিয়ে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে পারে। টেকনো জানিয়েছে, ভবিষ্যতে উন্নত এআই সুবিধা যেন শুধু দামি ফোনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছায়, সে লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে এলা ক্ল উন্নয়ন ও পরীক্ষার পর্যায়ে রয়েছে। সবার জন্য এটি কবে চালু হবে এবং ভবিষ্যতে কী কী নতুন সুবিধা যুক্ত হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানাবে টেকনো।
//ডিবিটেক/এসআরটি/এসএমপি/এমভিএনও/ডিপিওই//





