আধুনিক ঋণ ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তিগত মাইলফলক

সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রমের সূচনা করলো বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (বাইব্যাক) সফলভাবে পরিচালনা করেছে

সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রমের সূচনা করলো বাংলাদেশ
৮ অক্টোবর, ২০২৬ ১৭:০৪  

বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক মাইলফলক হিসেবে আজ প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (Buyback) কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অর্থ বিভাগের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করে। সরকারি সিকিউরিটিজ বাইব্যাক হলো একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে সরকার বিদ্যমান সরকারি সিকিউরিটিজ বা বন্ড মেয়াদপূর্তির পূর্বেই বাজার থেকে পুনঃক্রয় করতে পারে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'লাইবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনস' (LMO)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ফাইনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল উপকরণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ হ্রাস পাবে, পুনঃঅর্থায়ন ঝুঁকি (Refinancing Risk) ব্যবস্থাপনা সহজ হবে, ঋণ পরিশোধের সময়সূচি অধিকতর সুষম হবে এবং সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এটি সরকারি ঋণ ব্যবস্থাপনাকে অধিকতর সক্রিয়, আধুনিক ও সময়োপযোগী বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল ও কারিগরি পদক্ষেপ।

অর্থ বিভাগ সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন টেকনিক্যাল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রথমবারের মতো বাইব্যাক অ্যালগরিদম ও ডেডিকেটেড প্রক্রিয়ায় নিলাম পরিচালনা করা এসব আধুনিক উদ্যোগের ধারাবাহিকতার একটি বড় অগ্রগতি।

উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল (Medium-Term Debt Management Strategy-MTDS)-এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান এবং ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিবেচনায় এ ধরনের অটোমেটেড ও স্ট্রাকচার্ড কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের গণমাধ্যম মুুখপাত্র সিরাজ উদ-দৌলা খান জানান, সরকার ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের টেকনিক্যাল কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী Buyback Auction কার্যক্রম পরিচালনা করবে।

//ডিবিটেক/এসইউকে/এসএমপি/বিপিও//