এআই ছবি দিয়ে বিভ্রান্তির অভিযোগ
ট্রাম্পের রিসেপশনের ছবি নিয়ে অপপ্রচার
- হোয়াইট হাউসের পাঠানো ছবি প্রকাশের পর শুরু হয় বিভ্রান্তি
- এআই-তৈরি আরেকটি ছবি ব্যবহার করে প্রশ্ন তোলার অভিযোগ
- কসোভো প্রধানমন্ত্রীকে ঘিরে একই ধরনের ছবি ভুয়া প্রমাণিত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক রিসেপশনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ওই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের একটি ছবি প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
৩ অক্টোবর, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, রিসেপশনে অংশগ্রহণের ছবিটি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে এবং পরে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
তিনি বলেন, প্রকাশিত ছবিটিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যুক্ত করে প্রচার চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রচারিত এআই-তৈরি ছবিটিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে। ছবিটিতে ট্রাম্পকে একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়।
আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থার প্রতিবেদনে ওই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা ম্যানিপুলেটেড ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে তোলা কয়েকটি ছবিতে ডোনাল্ড ট্রাম্পের প্রায় একই ভঙ্গি ও অভিব্যক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এ প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চলে ‘কার্ডবোর্ড ট্রাম্প’ দাবি করে কিছু এআই-তৈরি ও ব্যঙ্গাত্মক ছবি
ছড়িয়ে পড়ে। তবে এসব ছবি আনুষ্ঠানিক প্রটোকল ফটোগ্রাফির সত্যতা প্রমাণ বা অস্বীকারের নির্ভরযোগ্য প্রমাণ নয় বলে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় তথ্য যাচাই ছাড়া কোনো ছবি বা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তথ্য-যাচাই সংশ্লিষ্টরা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরি ও সম্পাদনার প্রযুক্তি সহজলভ্য হওয়ায় ডিজিটাল বিভ্রান্তির ঝুঁকিও বাড়ছে বলে তারা মনে করছেন।
//ডিবিটেক/জেএনও/এসএমপি/বিপিসি//





