রেলওয়ের কঠোর পদক্ষেপ ও আইনি উদ্যোগ
স্বয়ংক্রিয় বট দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি
- অবৈধ ওয়েবসাইটের স্বয়ংক্রিয় বট প্রতিরোধে সহজ ডটকমকে জরুরি প্রযুক্তিগত নির্দেশ
- সাইবার চক্রকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি
- বুকমাইরেলবিডি সাইট ও সংশ্লিষ্ট আইপি ব্লকে বিটিআরসিকে আনুষ্ঠানিক চিঠি প্রেরণ
অ্যালগরিদমিক সাইবার জালিয়াতি ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে জাতীয় ই-টিকিটিং নেটওয়ার্ক অচল করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সাইবার ও আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ০৮ অক্টোবর, বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘bookmyrailbd.com’ নামের একটি অননুমোদিত ও অবৈধ সাইট স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট ও বট প্রযুক্তির অপব্যবহার করে রেলওয়ের সার্ভার থেকে বিপুলসংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে রাখছিল। পরবর্তীতে এসব টিকিট সাধারণ যাত্রীদের কাছে অবৈধ উপায়ে চড়া দামে বিক্রি করে ডিজিটাল কালোবাজারি চক্র গড়ে তোলা হয়।
রেলওয়ের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই পরিকল্পিত সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ডিজিটাল পদ্ধতিতে ন্যায্য মূল্যে সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাষ্ট্রের ডিজিটাল সেবা কাঠামোর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যাত্রীদের ডেটা সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে তিনটি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ।
প্রথমত, কেন্দ্রীয় টিকেটিং প্ল্যাটফর্মের ফায়ারওয়াল ও নিরাপত্তা স্থাপত্য জোরদার এবং যেকোনো ধরনের ক্ষতিকর বট অনুপ্রবেশ ঠেকাতে প্রযুক্তি অংশীদার সহজ লিমিটেডকে জরুরি কারিগরি প্রতিরক্ষাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এই ডিজিটাল জালিয়াতির নেপথ্যে থাকা চক্রটিকে প্রযুক্তির মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে এবং তাদের গ্রেফতার নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তৃতীয়ত, বিতর্কিত ওই অবৈধ ওয়েবসাইট, সংশ্লিষ্ট সার্ভার আইপি ও তাদের আনুষঙ্গিক মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশের সাইবার স্পেসে পুরোপুরি ব্লক বা অকার্যকর করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
যাত্রীদের সাইবার নিরাপত্তা সচেতনতার ওপর জোর দিয়ে বাংলাদেশ রেলওয়ে কেবল তাদের নিজস্ব অফিসিয়াল পোর্টাল (eticket.railway.gov.bd) এবং অফিসিয়াল ‘Rail Sheba’ অ্যাপ ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি প্ল্যাটফর্ম বা অননুমোদিত ডিজিটাল উৎস থেকে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি অনলাইনে টিকিট নিয়ে কোনো ধরনের সন্দেহজনক সাইবার কার্যক্রম বা কৃত্রিম জটিলতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/পিআর/বিভি/পিসি//





