দেউলিয়া ঘোষণা করল এআই স্টার্টআপ ক্যারেক্টার এআই

দেউলিয়া ঘোষণা করল এআই স্টার্টআপ ক্যারেক্টার এআই
১৩ অক্টোবর, ২০২৬ ০৯:৩৫  

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম ক্যারেক্টার এআই দেউলিয়া সুরক্ষার জন্য মার্কিন আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। চ্যাপ্টার ১১ দেউলিয়া আইনের আওতায় করা এই আবেদনের পাশাপাশি বিনোদন জগতের অন্যতম শীর্ষ জায়ান্ট ওয়াল্ট ডিজনির কাছে নিজেদের নির্দিষ্ট কিছু সম্পদ ও মেধাস্বত্ব ২ কোটি বা ২০ মিলিয়ন ডলারে বিক্রির একটি চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। 

আদালতের তত্ত্বাবধানে পরিচালিত এই নিলাম ও বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে মূলত নিজেদের আর্থিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এআই স্টার্টআপটি।

ডিজনির প্রধান দরদাতা হিসেবে অবস্থান
আদালতের অনুমোদন সাপেক্ষে ডিজনির এই প্রস্তাবকে 'স্টেকিং হর্স বিডার' বা প্রধান বা মূল ভিত্তি প্রস্তাব হিসেবে গণ্য করা হবে। এর অর্থ হলো, ডিজনি প্রাথমিক মূল্য নির্ধারণ করলেও অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান চাইলে এর চেয়ে উচ্চ মূল্যের প্রস্তাব দিয়ে নিলামে অংশ নিতে পারবে। 

আগামী নভেম্বর মাসের শেষ কিংবা ডিসেম্বর মাসের শুরুর মধ্যেই এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। 

ক্যারেক্টার এআইয়ের প্রধান নির্বাহী কলিন অ্যাডামস এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সব অংশীদারদের আর্থিক স্বার্থ সর্বাধিক সুরক্ষিত করতেই আদালতের তত্ত্বাবধানে এই বিক্রয় পথ বেছে নেওয়া হয়েছে। 

আদালতের নথিপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটির আনুমানিক সম্পদ ও দায়ের পরিমাণ ৫ কোটি থেকে ১০ কোটি ডলারের মধ্যে রয়েছে।

প্ল্যাটফর্মের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
বিক্রয় প্রক্রিয়া চলাকালীন সময়েও ক্যারেক্টার এআই প্ল্যাটফর্মের স্বাভাবিক কার্যক্রম ন্যূনতম বিঘ্ন ঘটিয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ার পরেও যদি প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য কোনো উপযুক্ত ক্রেতা পাওয়া না যায়, তবে এর সমস্ত কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ বা গুটিয়ে ফেলা হতে পারে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত পরিবর্তনশীল প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে এই ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স