চলন্তাবস্থায় দরজা খুলে যায়
২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
- চলন্ত ট্রেনের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়
- নিরাপত্তার কারণে সকাল ৭টা ৩৭ মিনিটে চলাচল বন্ধ
- ত্রুটি মেরামতের পর সকাল ৮টা ৩ মিনিটে সার্ভিস চালু
চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি পেছনের দরজা হঠাৎ খুলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
২৩ সেপ্টেম্বর, বুধবার, সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মো. মহসীন শেখ জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়।
ফলে ওই রুটে মোট ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ত্রুটি মেরামতের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের এই কর্মকর্তা।
//বিএনও/এইচসি/এমআইএসটি//





